চিংড়ি খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ওপর জোর
রামপুর চিংড়ি এস্টেট পরিদর্শনে প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু
মোঃ আবদুল্লাহ (আল্-মামুন) দেশের চিংড়ি শিল্পকে আরও প্রতিযোগিতামূলক ও রপ্তানিমুখী করতে আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু । তিনি বলেছেন, সরকারের পাশাপাশি চাষি, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই চিংড়ি খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব ।
বৃহস্পতিবার (২৫ জুন) কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার রামপুর চিংড়ি এস্টেট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন । সফরকালে প্রতিমন্ত্রী রামপুর এলাকার বিভিন্ন চিংড়ি ঘের ঘুরে দেখেন এবং উৎপাদন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন ।
পরে মৎস্য অধিদপ্তরের ৪৮ একরের প্রদর্শনী চিংড়ি খামার কার্যালয়ে আয়োজিত স্থানীয় চিংড়ি চাষি, খামার মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি ।
প্রতিমন্ত্রী বলেন, চিংড়ি দেশের মৎস্য খাতের অন্যতম সম্ভাবনাময় রপ্তানি পণ্য । আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চিংড়ির সুনাম রয়েছে । এই অবস্থান আরও সুসংহত করতে উৎপাদন বৃদ্ধি, মান নিয়ন্ত্রণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে ।
তিনি আরও বলেন, চিংড়ি চাষিদের নিরাপত্তা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে । মৎস্য অধিদপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন ।
মতবিনিময় সভায় স্থানীয় চাষিরা চিংড়ি উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সম্ভাবনা সম্প্রসারণ, রোগব্যাধি নিয়ন্ত্রণ, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তি সহায়তার দাবি তুলে ধরেন । তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন প্রতিমন্ত্রী এবং সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. খালেদ কনক, বিভাগীয় পরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, আঞ্চলিক মৎস্য কর্মকর্তা মো. গাজিউর রহমান, চকরিয়া ও মাতামুহুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা আরিফ উদ্দিন, চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল আমিন, মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বাজারী, মাতামুহুরি উপজেলা বিএনপির সহসভাপতি আহসানুল কাদের চৌঃ সাব্বির, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত), রামপুর ৪৮ একর মৎস্য প্রকল্পের ব্যবস্থাপক কাউছার আহমদসহ স্থানীয় জনপ্রতিনিধি, চিংড়ি ব্যবসায়ী ও খামার মালিকরা ।
সভায় বক্তারা চিংড়ি শিল্পের টেকসই উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন । প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে চিংড়ি খাতের অবদান আরও বাড়াতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে ।
মতামত