টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৩ কোটি টাকার ইয়াবাসহ দুই নারী আটক
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে টেকনাফ থানার কেরুনতলী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে এলাকায় সন্দেহজনকভাবে অবস্থানরত দুই নারীকে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে প্রায় ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবাগুলো কৌশলে বহন করে পাচারের চেষ্টা করা হচ্ছিল। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদকগুলো জব্দ করতে সক্ষম হয় কোস্ট গার্ড সদস্যরা।
আটককৃত দুই নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া জব্দকৃত ইয়াবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের উপকূলীয় অঞ্চলে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বাহিনীটি।
মতামত