উত্তাল সাগরে ডুবে গেল ফিশিং ট্রলার, প্রাণে বাঁচলেন ১১ মাঝি-মাল্লা ২৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা
এস কে জাফর আলম টেকনাফ কক্সবাজার:- বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের মধ্যে উপকূলে ফিরতে গিয়ে একটি ফিশিং ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ১১ জন মাঝি-মাল্লা প্রাণে রক্ষা পেলেও ট্রলার ও মাছ ধরার সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ২৫ লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
জানা গেছে, গভীর সমুদ্রে মাছ শিকার শেষে ট্রলারটি উপকূলের দিকে ফিরছিল। পথে হঠাৎ সাগর উত্তাল হয়ে ওঠে এবং প্রবল ঢেউয়ের আঘাতে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। ট্রলারে থাকা ১১ জন মাঝি-মাল্লা জীবন রক্ষাকারী সরঞ্জাম ও স্থানীয় জেলেদের সহায়তায় নিরাপদে তীরে ফিরতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন ধরে সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলারগুলোর চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে উপকূলে ফেরার সময় দুর্ঘটনার শিকার হয় ট্রলারটি।
ট্রলারের মালিক পক্ষ জানান, ডুবে যাওয়া ট্রলার, জাল, ইঞ্জিন এবং অন্যান্য মাছ ধরার সরঞ্জাম মিলিয়ে প্রায় ২৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো প্রাণহানি না হওয়ায় তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন।
এদিকে স্থানীয় জেলে ও ট্রলার মালিকরা বৈরী আবহাওয়ার সময় সমুদ্রে চলাচলের ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ট্রলারের মালিককে সরকারি সহায়তা প্রদানের দাবিও জানিয়েছেন তারা।
মতামত