টেকনাফে র্যাব-১৫ এর চিরুনি অভিযান: ৩০ হাজার পিস ইয়াবা ও ৪টি বিলাসবহুল মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার
কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর বিশেষ চিরুনি অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ৪টি বিলাসবহুল মোটরসাইকেলসহ এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার (২১ জুন) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে ছৈয়দ নুরের দোকানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে অভিযানকারী দল চারদিক থেকে ঘিরে ফেলে। পরে একজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন আবসার মিয়া (২০)। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম নুরুল আলম এবং মাতার নাম আমেনা খাতুন।
অভিযান চলাকালে গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত ৪টি বিলাসবহুল মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবসার মিয়া দীর্ঘদিন ধরে টেকনাফ ও কক্সবাজারের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল বলে স্বীকার করেছে।
র্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্ত অঞ্চলে মাদক নির্মূলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
গ্রেফতারকৃত আসামি, জব্দকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মতামত