সুন্দরবনের পশ্চিম অংশে অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা ও দুটি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড।
রবিবার বিকেলে কোস্ট গার্ডের ঢাকা মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার সকালে পশ্চিম সুন্দরবনের বজবজা ও ঝাপঝপি খালসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় প্রায় ৭৮ হাজার টাকা মূল্যের ২৮ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা ও দুটি চামড়া জব্দ করা হয়।
জব্দ করা মাংস ও হরিণের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগের বজবজা ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত