কুমিল্লায় লবণবাহী কাভার্ডভ্যানে অভিনব কৌশলে লুকানো ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৫
এস কে জাফর আলম
টেকনাফ উপজেলা প্রতিনিধি
কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সফল অভিযানে লবণবাহী একটি কাভার্ডভ্যানের গোপন চেম্বার থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক পাচারের এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা যায়, গত ১৮ জুন ২০২৬ তারিখ দুপুর আনুমানিক পৌনে ২টার দিকে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার নূরজাহান হোটেলের সামনে অবস্থান নেয়।
এ সময় একটি কালো রঙের এলিয়ন প্রাইভেটকার সন্দেহজনক মনে হলে সেটি থামানো হয়। গাড়িতে থাকা চালক মো. রুবেল (২৮), সামনের আসনে বসা মো. আরজান হোসেন (৩৭) এবং পেছনের আসনে থাকা মো. সোহেল রানা (৪৩)-কে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি নীল-হলুদ রঙের লবণবাহী কাভার্ডভ্যান শনাক্ত করা হয়।
পরে কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালিয়ে চাঞ্চল্যকর তথ্যের সন্ধান পায় ডিবি পুলিশ। গাড়ির বডির সামনের অংশে অত্যন্ত নিপুণভাবে তৈরি করা একটি গোপন চেম্বার বক্স গ্রাইন্ডার মেশিন দিয়ে কেটে খোলা হলে সেখান থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়িতে থাকা প্রায় ১৫ টন লবণ এবং মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— পাবনা সদর উপজেলার রাজাপুর তিনগাছা এলাকার মো. আরজান হোসেন (৩৭), কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার মো. মোজাহের শেখ (৩৩), সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মো. সুরুজ হোসেন (২৬), গাজীপুর সদর উপজেলার মো. সোহেল রানা (৪৩) এবং গাজীপুর সদর উপজেলার মুন্সীপাড়া এলাকার মো. রুবেল (২৮)।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ইয়াবার বিশাল এই চালানটি দেশের অন্য কোনো অঞ্চলে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। তবে উদ্ধারকৃত মাদকের প্রকৃত উৎস, গন্তব্য এবং এর সঙ্গে জড়িত বৃহত্তর চক্রকে শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদক নির্মূলে জেলা গোয়েন্দা পুলিশের এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানা গেছে।
মতামত