কয়রায় দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাটে জনদুর্ভোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ
কয়রা,খুলনা প্রতিনিধি।খুলনার কয়রা উপজেলায় ঘন ঘন ও দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দাদের একাধিক পোস্ট ও মন্তব্যে ক্ষোভ, হতাশা এবং ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া দেখা গেছে।
স্থানীয় সংবাদিক গোলাম রব্বানী একটি পোস্টে বিদ্যুৎ নিয়ে এক লাইনের মন্তব্য জানতে চাইলে অনেকেই নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। “পৃথিবীর অষ্টম আশ্চর্য” বলে আখ্যা দিয়েছেন স্থানীয় শিক্ষক আজিজুল হক। আবার কেউ বিদ্যুৎ বিভ্রাটকে মানুষের হঠাৎ কোথাও চলে যাওয়ার সঙ্গে তুলনা করে ব্যঙ্গ করেছেন। একজন মন্তব্য করেন, “আলহামদুলিল্লাহ, এলাকায় আপাতত আর এ বছরের পদার্পণ করছে না।” আরেকজন লেখেন, “৩৩ কেবি গাছের পাতা নড়লে পালায়।
অন্যদিকে স্থানীয় বাসিন্দা মো. ইমরান হোসেন ফেসবুকে প্রশ্ন তুলে বলেন, সারাদিন বিদ্যুৎ না থাকার পর আবারও কেন বিদ্যুৎ চলে গেল এবং এই পরিস্থিতি আর কতক্ষণ চলবে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “কয়রা উপজেলা কি বাংলাদেশের বাহিরে নাকি?” মন্তব্যকারীদের মধ্যে সাব্বির হোসেন শান্ত মন্তব্য করেছেন "আপনার একটু গরম লাগতে দেখছি। বাকি নেতাদের বাসায় মনে হয় আইপিএস আছে।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে বিদ্যুৎ সরবরাহের অনিয়মিত অবস্থা তাদের দৈনন্দিন জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলছে। ভুক্তভোগীরা দ্রুত সমস্যার সমাধান ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
মতামত