দিনদুপুরে টেকনাফে ১১ লাখ টাকা ছিনতাই ও হামলার অভিযোগ: বহিষ্কৃত বিএনপি নেতা আব্দুল জব্বারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
এস কে জাফর আলম টেকনাফ উপজেলা প্রতিনিধি... কক্সবাজারের টেকনাফে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তির ওপর সংঘবদ্ধ হামলা, ১১ লাখ টাকা ছিনতাই, চাঁদাবাজির চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে বহিষ্কৃত বিএনপি নেতা আব্দুল জব্বারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার বাসিন্দা জিয়াবুল হক ৪৪। তিনি ১০ জুন ২০২৬ তারিখে টেকনাফ মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার নম্বর- ৩৭/৪৬৪। এছাড়া মামলায় আরও ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ জুন ২০২৬ বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফ পৌরসভার সাব-রেজিস্ট্রি অফিসের সামনে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে জিয়াবুল হকের গতিরোধ করেন। এ সময় তারা তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মামলার এজাহারনামীয় আসামিরা হলেন— আব্দুল জব্বার ৩৮, মুহিব উল্লাহ ৫৭, নাজিম উদ্দিন ৫০, রিয়াজ উদ্দিন ৫০, আবু উল্লাহ ওরফে ভুতা ৪৯, মাসুদ আলম হুমায়ুন ১৯, সাদেক ২০, জসিম উদ্দিন ২০ এবং আব্দুল্লাহ ২২।
বাদীর অভিযোগ অনুযায়ী, দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা লোহার রড ও লাঠি দিয়ে তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এ সময় তার কাছ থেকে নগদ ১১ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। হামলায় তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে। হামলার একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তিনি টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। বাদী জিয়াবুল হক অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, মামলায় উত্থাপিত অভিযোগসমূহ বাদীপক্ষের বক্তব্য। তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং অভিযুক্তদের দায়-দায়িত্ব আইন অনুযায়ী নির্ধারিত হবে।
মতামত