টেকনাফে ১২ বছরের মাদ্রাসাছাত্র জানি আলম নিখোঁজ, ৬০ ঘণ্টা পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি
টেকনাফ পৌর শহরের ঝর্ণাচত্বর (পুরাতন বাস স্টেশন) এলাকা থেকে ১২ বছর বয়সী মাদ্রাসাছাত্র মো. জানি আলম নিখোঁজ হয়েছে। গত শনিবার (৬ জুন) সকাল ৯টার দিকে চুল কাটানোর উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দীর্ঘ ৬০ ঘণ্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত শিশুটির সন্ধান মেলেনি, এতে পরিবারসহ স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ জানি আলম অলিয়াবাদ নূরানী তালিমুল কুরআন মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র। সে টেকনাফ পৌরসভার পূর্ব ইসলামাবাদ (দ্বীপ প্লাজার পেছনে) এলাকার বাসিন্দা আমির ছফার দ্বিতীয় সন্তান।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে চুল কাটতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় জানি আলম। এরপর দীর্ঘ সময় পার হলেও সে আর বাড়ি ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ শিশুটির মা আছিয়া খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমার ছেলে ঘর থেকে বের হওয়ার পর ৬০ ঘণ্টা পার হয়ে গেছে, কিন্তু এখনো কোনো খোঁজ পাইনি। কেউ মুক্তিপণের জন্যও যোগাযোগ করেনি। পাঁচ সন্তানের মধ্যে জানি আলম আমার দ্বিতীয় সন্তান। ছেলেকে ছাড়া আমরা অসহায় হয়ে পড়েছি।”
স্থানীয় বাসিন্দা মো. ছালাম বলেন, জানি আলম অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে কাজ করে সংসার চালান। তিনি বলেন, “পরিবারটি খুব কষ্টে আছে। কেউ যদি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন, দয়া করে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করুন।”
নিখোঁজের সময় জানি আলমের পরনে ছিল নীল (ব্লু) রঙের গেঞ্জি ও জিন্স প্যান্ট। তার বয়স প্রায় ১২ বছর।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি যদি জানি আলমের সন্ধান পান বা কোথাও তাকে দেখে থাকেন, তাহলে মানবিক বিবেচনায় দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ নম্বর: ০১৮৬৩-৬১১৬৭৩
নিখোঁজ জানি আলমের পরিবার সকলের কাছে তার দ্রুত ও নিরাপদে ফিরে আসার জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেছে।
মতামত