শিক্ষক-কর্মচারীদের দ্রুত অবসর-কল্যাণভাতা প্রদান ও শিক্ষাখাতে জিডিপির ৫% বরাদ্দের দাবিতে বাকবিশিসের মানববন্ধন
চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি (আহমদ রেজা): এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দ্রুত অবসর ও কল্যাণভাতা প্রদান এবং শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)।
শনিবার (৬ জুন) দুপুর ১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাব-এর সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার সভাপতিত্ব করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী আসন্ন জাতীয় বাজেটে শিক্ষাখাতে জিডিপির কমপক্ষে ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করতে হবে। পাশাপাশি অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বছরের পর বছর ধরে ঝুলে থাকা অবসর ও কল্যাণভাতা দ্রুত পরিশোধের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষক সমাজের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষাব্যবস্থার জাতীয়করণের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষাক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর-এর সঞ্চালনায় মানববন্ধন-পরবর্তী সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক ড. খোরশেদ আলম বাবুল, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, অধ্যাপক মিজানুর রহমান মজুমদার, অধ্যক্ষ আকমল হোসেন, অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, উপাধ্যক্ষ দেবপ্রিয় বড়ুয়া, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক ওসমান গণি সুমন এবং অধ্যাপক রুহুল আমীন প্রমুখ।
বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বহু শিক্ষক-কর্মচারী অবসরে যাওয়ার পরও বছরের পর বছর ধরে তাদের প্রাপ্য অবসর ও কল্যাণভাতা থেকে বঞ্চিত হচ্ছেন, যা অত্যন্ত অমানবিক ও বৈষম্যমূলক। তারা আমলাতান্ত্রিক জটিলতা দূর করে দ্রুততম সময়ে ভাতা পরিশোধের দাবি জানান।
মানববন্ধন থেকে শিক্ষাব্যবস্থার জাতীয়করণ, শিক্ষাক্ষেত্রে সকল ধরনের বৈষম্য দূরীকরণ এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানেরও দাবি জানানো হয়।
কর্মসূচিতে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মতামত