বড় হিজলী গ্ৰামে পুকুরের পানিতে ভেসে উঠল শিশুর মরদেহ, এলাকায় শোকের ছায়া
আক্কাস আলী খান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলী গ্রামে পুকুরের পানিতে ভেসে ওঠা এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম তাবাসসুম (৩)। সে উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলী গ্রামের শামীম মোল্লার মেয়ে।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, বৃহস্পতিবার সকাল ৯টার পর থেকে তাবাসসুমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বাড়ি ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা চিৎকার দেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, এ ঘটনায় কারও বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ বা সন্দেহ নেই। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মতামত