তুফানের তাণ্ডবে ঘর ভেঙ্গে যাওয়া বিধবা নারীকে ঘর নির্মাণে মুছাপুর জামায়াতে ইসলামীর আর্থিক অনুদান প্রদান
নূর মোস্তফা আলী হাসান সন্দ্বীপ:-প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় তুফানের তাণ্ডবে বসতঘর বিধ্বস্ত হওয়া এক বিধবা ও অসহায় নারীকে ঘর নির্মাণের জন্য আর্থিক অনুদান প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মুছাপুর ইউনিয়ন শাখা।
সোমবার (১ জুন) সকাল ১০টায় মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডস্থ ফজল হক সদ্দারের বাড়ীতে ওই বিধবা নারীর হাতে ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়নের কৃতি সন্তান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলার আমীর আলাউদ্দিন শিকদার। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এ সময় বিশেষ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন, মুছাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা নাজিম উদ্দিন সিরাজী, বিশিষ্ট ব্যবসায়ী ইয়াছিন আরাফাত, ওমর ফারুখ সুমন, হাফেজ এমলাক এবং সুইট হোম ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নূর মোস্তফা আলী হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন শিকদার বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক ও ইসলামী দায়িত্ব। সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসা উচিত। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকবে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সংঘটিত তুফানের আঘাতে ওই বিধবা নারীর বসতঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘরটি বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় পরিবারটি চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছিল। বিষয়টি জানতে পেরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুছাপুর ইউনিয়ন শাখা ঘর নির্মাণে আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করে।
অনুদান পেয়ে আবেগাপ্লুত হয়ে ওই বিধবা নারী বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি অনেক কষ্টের মধ্যে ছিলাম। ঘরটি ভেঙে যাওয়ার পর কোথায় থাকবো তা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। আজকের এই সহযোগিতা আমার জন্য অনেক বড় উপকার। আল্লাহ যেন যারা সাহায্য করেছেন তাদের উত্তম প্রতিদান দান করেন।”
এলাকাবাসীও এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের অসহায় ও দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর এই কার্যক্রম অন্যদেরও অনুপ্রাণিত করবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
মতামত