তরুণদের মাদকমুক্ত রাখতে ব্যতিক্রমী উদ্যোগ, সুফিয়া-মান্নান যুব জাগরণ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ষ্ট্যাফ রিপোর্টার,খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার লক্ষ্যে আয়োজিত সুফিয়া-মান্নান যুব জাগরণ ফুটবল টুর্নামেন্ট (সিজন-২) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ মে) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে অংশ নেয় দুরন্ত স্পোর্টিং ক্লাব ও তরুণ সংঘ। শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। খেলা দেখতে মাঠে ভিড় করেন বিভিন্ন এলাকার ক্রীড়াপ্রেমী দর্শক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। দর্শকদের উচ্ছ্বাসে পুরো মাঠ পরিণত হয় এক মিলনমেলায়।
ফাইনাল খেলার উদ্বোধন করেন বিন্নাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফুর বারিক কোকন। তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ জীবনের পথে পরিচালিত করে। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজন প্রয়োজন।
ফাইনাল শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। তিনি বলেন, বর্তমান সময়ে মাদকাসক্তি ও সামাজিক অপরাধের ঝুঁকি থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়াচর্চা বিস্তারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তরুণ সংঘ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. তাজুল ইসলাম চপল, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাত, সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ (সাদাম), সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অনিফ হাসান জান্নাতুল, সিনিয়র শিক্ষক মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এছাড়া উপস্থিত ছিলেন মোবারক হোসেন সুমন, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, সুফিয়া-মান্নান ফাউন্ডেশন; হুমায়ুন কবীর মিল্লাতি, পরিচালক, সুফিয়া-মান্নান ফাউন্ডেশন মাদ্রাসা ও এতিমখানা; মো. আশিকুর রহমান তানভীর, নির্বাহী অফিসার, সুফিয়া-মান্নান ফাউন্ডেশন এবং অন্যান্য অতিথিবৃন্দ।
আয়োজকদের ভাষ্য, তরুণদের মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। সেই লক্ষ্য থেকেই এই টুর্নামেন্টের আয়োজন। তারা জানান, যুব সমাজকে সুস্থ ধারায় রাখতে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতিবছর এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আরও বড় পরিসরে আয়োজন করা হবে।
উল্লেখ্য, সুফিয়া-মান্নান গণগ্রন্থাগার এর আয়োজনে এবং সুফিয়া-মান্নান ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। কয়েকদিনব্যাপী এ আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
মতামত