প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ভিডিও ভাইরাল: চকরিয়ায় উত্তেজনা, এসআই ক্লোজড; বিচার বিভাগীয় তদন্তের দাবি
মোঃ আবদুল্লাহ (আল্-মামুন):কক্সবাজারের চকরিয়ায় এক তরুণীকে উদ্ধারে গিয়ে প্রেমিক-প্রেমিকাকে প্রকাশ্যে বেধমভাবে পেটানোর অভিযোগে পুলিশের বিরুদ্ধে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে । অভিযানের সময় পুলিশের মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো এলাকাযর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় । একই ঘটনায় মারধরে প্রেমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী পুলিশ বহনকারী একটি সিএনজি গাড়ি ভাঙচুর করে এবং পুলিশকে ধাওয়া দেয় ।
ঘটনাটি শনিবার (৩০ মে) বিকেল ৫টার দিকে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী গ্রামে ঘটে। ঘটনার পর অভিযানে নেতৃত্ব দেওয়া চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আরকানুল ইসলাম (আরকান)কে দায়িত্ব থেকে প্রত্যাহার করে কক্সবাজার পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে ।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট পরিবারগুলোর দাবি, ঈদগাঁও উপজেলার এক তরুণীর সঙ্গে ছাইরাখালী গ্রামের নুরুল আমিনের (২৪) প্রেমের সম্পর্ক ছিল । ওই তরুণী সম্প্রতি বাড়ি থেকে নুরুল আমিনের কাছে চলে আসেন । নুরুল আমিনের পরিবারের ভাষ্য, উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ের বিষয়ে আলোচনা ও দেনমোহর নির্ধারণ করা হয়েছিল । তবে এ বিষয়ে আপত্তি থাকায় মেয়েপক্ষের কয়েকজন চকরিয়া থানায় অভিযোগ দায়ের করেন ।
অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে পুলিশ তরুণীকে উদ্ধার করতে নুরুল আমিনের বাড়িতে যায় । প্রত্যক্ষদর্শীদের মতে, তরুণী পুলিশের সঙ্গে যেতে অস্বীকৃতি জানান । পরে এসআই আরকানুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে বের করে আনার চেষ্টা করলে তিনি নুরুল আমিনকে জড়িয়ে ধরেন । এ সময় পুলিশ উভয়কে মারধর করে বলে অভিযোগ ওঠে ।
স্থানীয়দের দাবি, মারধরের একপর্যায়ে নুরুল আমিন অচেতন হয়ে পড়লে এলাকায় তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে । এতে উত্তেজিত জনতা পুলিশ বহনকারী একটি সিএনজি ভাঙচুর করে এবং পুলিশকে ধাওয়া দেয় । সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ অন্তত চারজন আহত হন ।
পরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।
নুরুল আমিনের পরিবারের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় । পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয় ।
এদিকে প্রেমিক-প্রেমিকাকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয় । ভিডিওর মন্তব্য ঘরে “OC Chakaria” নামের একটি ফেসবুক পেজ থেকে দাবি করা হয়, অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ছুরি দেখিয়ে জিম্মি করে রাখা হয়েছিল । ভিকটিমকে উদ্ধার না করে পুলিশ ফিরে আসলে কি ভালো হতো ? এমন মন্তব্যও নতুন বিতর্কের জন্ম দিয়েছে ।
ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বিভিন্ন মহল । কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটুসহ অনেকেই বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন । তাদের মতে, ভাইরাল ভিডিওতে পুলিশের আচরণ নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে এবং বিষয়টি স্বচ্ছ তদন্তের মাধ্যমে উদঘাটন করা প্রয়োজন ।
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ বলেন, একজন অপ্রাপ্তবয়স্ক ভিকটিমকে উদ্ধারের সময় স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে । এতে পুলিশ বহনকারী যানবাহন ভাঙচুর করা হয় এবং দুই পুলিশ সদস্য আহত হন ।
তিনি আরও বলেন, অভিযানে কোনো পুলিশ সদস্যের গাফিলতি বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । ইতোমধ্যে এসআই আরকানুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে ।
ঘটনাটি ঘিরে এলাকায় এখনও আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে । মানবাধিকারকর্মী, আইনজীবী ও সচেতন মহলের একাংশ পুলিশের ভূমিকা এবং অভিযানের বৈধতা নিয়ে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ।
মতামত