জাফলংকে আধুনিক পর্যটন সিটিতে রূপান্তর করা হবে: আরিফুল হক চৌধুরী
মোঃআল আমিন প্রতিনিধি গোয়াইনঘাট সিলেট :বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রকৃতি কন্যা জাফলংসহ সিলেটের সকল পর্যটন কেন্দ্রকে পর্যায়ক্রমে আধুনিক ও পরিকল্পিত পর্যটন সিটিতে রূপান্তর করা হবে।
শনিবার (৩০ মে) দুপুর ১২টায় তিনি জাফলংয়ের সংগ্রাম বিজিবি ক্যাম্প সংলগ্ন পর্যটন এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, টুরিস্ট পুলিশ জাফলং জোনের কর্মকর্তা তপন তালুকদার, জাফলং সংগ্রাম ক্যাম্পের সুবেদার মোঃ আবুল বাশার আজাদ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে মন্ত্রী আগত পর্যটকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর নেন। বিশেষ করে ওয়াশরুম সংকট, যাত্রী ছাউনি এবং পর্যটনসেবা সংক্রান্ত নানা সমস্যার কথা পর্যটকরা তার কাছে তুলে ধরেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, “জাফলং দেশের অন্যতম পরিচিত পর্যটন কেন্দ্র। এখানে পর্যটকদের কিছু যৌক্তিক অভিযোগ রয়েছে। ওয়াশরুম ও যাত্রী ছাউনিসহ বিভিন্ন অবকাঠামোগত সমস্যা আগামী বছরের আগেই সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।”
তিনি আরও বলেন, “জাফলংসহ সিলেটের প্রতিটি পর্যটন কেন্দ্রকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরীতে রূপান্তরের লক্ষ্যে সরকার কাজ করছে। পর্যটকদের জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করে এসব এলাকাকে আরও আকর্ষণীয় করে তোলা হবে।”
স্থানীয়দের প্রত্যাশা, মন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়িত হলে জাফলংয়ের পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং দেশ-বিদেশের পর্যটকদের কাছে এ অঞ্চল আরও জনপ্রিয় হয়ে উঠবে।
মতামত