বিরলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম মৃত্যু বার্ষিকী উদযাপন
===============================
সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধি:বিরলে উপজেলা বিএনপি ও সকল অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম মৃত্যু বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষ রোপণ করা হয়।
৩০ মে শনিবার বিকালে বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন দিনাজপুর -২ (বিরল- বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপদেষ্টা ও বিরল মহিলা কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, সহ-সভাপতি এড আব্দুল বাকি, রেজাউল ইসলাম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ও ০৮ নং ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক (ভারপ্রাপ্ত) আসাদুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, জিয়া পরিষদের আহ্বায়ক সাইকোলজিস্ট মোস্তফা কামাল প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপজেলা তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মাহিদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোমিনুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুবাশ্বেরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কুরবান আলী, রোস্তম আলী, জাহিদ হাসান বুলেট, মোমিনুর ইসলাম, আলম বাবু প্রমূখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিএনপি শহীদ জিয়ার এক অনন্য সৃষ্টি। সব বাঁধা বিঘ্ন অতিক্রম করে বিএনপি পৌঁছে গেছে সাফল্যের শীর্ষতম বিন্দুতে। বিএনপি, জিয়া ও বাংলাদেশ পরিণত হয়েছে এক ও অভিন্ন সত্তায়। দেশের এক ক্রান্তিকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। যখন আধিপত্যবাদী শক্তি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব খর্ব করতে তৎপর ছিল। যখন দেশের তৎকালীন ক্ষমতাসীন গোষ্ঠী স্বাধীনতাত্তোর তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য গণতন্ত্রকে হত্যা করে এক দলীয় কর্তৃত্বমূলক শাসন জারি করে মানুষের বাক ও মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার কেড়ে নেয়। যখন হত্যা ও খুনের রাজনীতি জাতীয় জীবনের অনুষঙ্গ হয়ে দাঁড়ায়। মানুষের জীবন ও নিরাপত্তা যখন চরমভাবে বিপন্ন ঠিক সেই অরাজক সময়ে বিএনপির জন্ম। অর্জিত স্বাধীনতাকে আর কেউ যাতে বিপন্ন করতে না পারে, গণতান্ত্রিক ব্যবস্থাকে যেন কোনো অপশক্তি ধ্বংস করতে না পারে, সেই দৃঢ় প্রত্যয় নিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তাঁর শাসনামলে সামাজিক সুবিচার ও অর্থনৈতিক সমৃদ্ধির কারণে দেশের উন্নয়ন ও অগ্রগতি আন্তর্জাতিক মর্যাদা লাভ করে। দারিদ্র্য ও দুর্ভিক্ষপীড়িত দেশ ইমার্জিন টাইগারে পরিণত হয়। তিনি বিএনপিকে গণতন্ত্র, উন্নয়ন, উৎপাদন ও জাতীয় স্বার্থরক্ষার উপযুক্ত করে গড়ে তোলেন। নেতাপূজা, তোষামোদি ও স্লোগাননির্ভর বিদ্যমান রাজনীতির পরিবর্তে তিনি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি চালু করেন। দলের নেতাকর্মী ও জনগণকে তিনি সম্পৃক্ত করেন খাল খনন, নিরক্ষরতা দূরীকরণ অভিযান, রাস্তাঘাট নির্মাণ প্রভৃতি উন্নয়ন কর্মকাণ্ডে। অলস পড়ে থাকা কলকারখানাগুলোতে আবার কাজ শুরু হয়। এমনকি কোনো কোনো কারখানায় দুই শিফটেও কাজ চলে। জিয়া রাজনীতিকে প্রাসাদ বন্দি না করে ছড়িয়ে দেন সারা দেশ। জিয়ার প্রতি জনগণের ভালোবাসার কারণে বিএনপি শুরু থেকেই জনপ্রিয়তা পায়। পরবর্তীতে বিএনপি গণমুখী কর্মকাণ্ডের কারণে দলটি মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়। তাই জনগণ যখনই ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ পেয়েছে, তখনই বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে।
প্রতিষ্ঠার পর থেকে এ দলটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার অতন্ত্র প্রহরী হিসেবে ভূমিকা পালন করে আসছে। মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন এই দলের প্রতিষ্ঠাতা। জাতিসত্ত্বার পরিচয়ও এনে দিয়েছেন তিনি। ৭৫ সালে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব যখন হুমকির মুখে পড়ে তখন তা রক্ষা করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। জিয়াউর রহমানকে হত্যার পর স্বৈরশাসন কায়েম হলে বিএনপি একটানা ৯ বছর সংগ্রাম করে গণতন্ত্র পুনরুদ্ধার করে। গণতন্ত্রের এ লড়াইয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে জীবন দিতে হয়। ফখরুদ্দিন-মঈনুদ্দিন চক্র অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখলে নিলে বিএনপি গণতন্ত্রের জন্য আবারও সংগ্রামে লিপ্ত হয়। জেলে যেতে হয় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ দলের অসংখ্য নেতাকর্মীকে। দলের তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব (বর্তমান প্রধানমন্ত্রী ) তারেক রহমানের ওপর পাশবিক নির্যাতন চালিয়ে তাঁর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়। আরাফাত রহমান কোকো অমানবিক নির্যাতনে অসুস্থ হয়ে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা যান মালয়েশিয়ায়। ফখরুদ্দিন-মঈনুদ্দিন চক্রের সহযোগিতায় আওয়ামী লীগ ক্ষমতা দখল করে একটানা ১৫ বছর ধরে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। গণতন্ত্র, ভোটের অধিকার ও মানবাধিকারের দাবিতে এ দলটি শত নির্যাতনের মধ্যেও আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ আন্দোলনে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে জীবন দিতে হয়, গুম হতে হয়। বিএনপির ৪৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। কোনো নেতার বিরুদ্ধে ৪০০ আবার কোনো নেতার বিরুদ্ধে ৩০০টি পর্যন্ত মামলা দেওয়া হয়েছে। গুম হয়েছেন প্রায় ৭০০ তরুণ-যুবক, তার মধ্যে তিনজন সংসদ সদস্য ছিলেন। বিএনপির অনেক জনপ্রিয় নেতাকে ওই সময় নির্বাচনের পূর্বে ফরমায়েশি সাজা দেয় তারা যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর বন্দি করে রাখা হয়। অসুস্থ্য খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পর্যন্ত যেতে দেওয়া হয়নি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও সাজা দিতে থাকে। দীর্ঘদিন তাঁকে দেশে আসতে দেওয়া হয়নি। এমনকি তাঁর বক্তব্য প্রচার করতে দেওয়া হয়নি। একুশে টিভি তারেক রহমানের বক্তব্য প্রচার করায় টিভির মালিক ও চেয়ারম্যান আবদুস সালামকে গ্রেফতার এবং টিভির মালিকানা কেড়ে নেয়া হয়। প্রবীণ ও মার্জিত রাজনীতিক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দেয়া হয় অসংখ্য মামলা। কিছুদিন পর পর তাঁকে জেলে বন্দি রাখা হয়। এত নির্যাতনের পরও থেমে যায় নি বিএনপি। গণতন্ত্রের জন্য তাদের লড়াই করে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে গণঅভূত্থান সৃষ্টি করে ফ্যাসিস্টশাহীকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করে। এভাবে জাতির প্রতিটি সঙ্কটকালে বিএনপি সামনে এসে হাজির হয়েছে। এখানেই বিএনপি প্রতিষ্ঠার স্বার্থকতা।
বক্তারা আরো বলেন, একটু পিছনে ফিরে তাকালে আমরা দেখতে পাই ১৯৭৫ সালের ৩ নভেম্বর জিয়াউর রহমান বন্দি হওয়ার পর সেনাবাহিনীতে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও দেশপ্রেমের কারণে জিয়া ইতিমধ্যে সেনাবাহিনী ও জনগণের হৃদয়ে আসন গড়ে নেন। এ সময় বিভিন্ন ঘটনা প্রবাহের কারণে সেনাবাহিনীতে দেখা দেয় চরম বিশৃঙ্খলা। দেশের জনগণ দুঃসহ অনিশ্চিত পরিস্থিতির কারণে আতঙ্কিত হয়ে পড়েন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যখন হুমকির সম্মুখীন, ঠিক সেই মুহূর্তে সশস্ত্র বাহিনী-জনতার সমন্বয়ে ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহি বিপ্লব ঘটে। বন্দিদশা থেকে মুক্ত করা হয় জাতির সবচেয়ে বিশ্বস্ত সন্তান জিয়াউর রহমানকে। সবাই বুঝলেন, জাতির এ ক্রান্তিকালে জিয়া ছাড়া আর কারো কাছে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ নয়। তাই তারা জিয়াকে শুধু মুক্তই করেননি; তাঁকে নিয়ে আসেন ক্ষমতার শীর্ষ বিন্দুতে। ঐক্যবদ্ধ সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে তিনি এ দেশের রাজনীতিতে আবির্ভূত হন। ফিরিয়ে আনেন সেনাবাহিনীতে শৃঙ্খলা। সব ষড়যন্ত্রের জাল ভেদ করে নিরাপদ করেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। এরপর ঘটনার আবর্তে তিনি বাংলাদেশের রাজনীতির আকাশে আবির্ভূত হন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় নাম। তিনি আমাদের জাতিসত্তার রূপকার। তাঁর অবিস্মরণীয় কর্মকান্ড রুখে দিতে ষড়যন্ত্রকারীরা ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে নৃশংসভাবে হত্যাকান্ড ঘটায়। জাতি তাঁকে আজীবন স্মরণ করবে এবং তাঁর প্রতিষ্ঠিত দল বিএনপির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ এর নির্বাচনে সাধারণ জনগণ দেখিয়ে দিয়ে অকৃতিম ভালোবাসা ও আস্থা দেখিয়েছে। দিনব্যাপী পবিত্র কোরআন তেলাওয়াত ও বক্তব্য শেষে দোয়া মাহফিলে অংশ নেন উপস্থিত সকলে। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মোঃ শাহজাহান আলী। পরে প্রধান অতিথি শহীদ মিনার চত্ত্বরে বৃক্ষরোপণ করেন।
মতামত