টেকনাফে র্যাব-১৫ এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেফতার
কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে ২০২৬) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ হোসেন প্রকাশ ইকরাম (৩৬)। তিনি টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জাদিমুড়া ক্যাম্প নং-২৭, ব্লক-এ/১, এফসিএন-৪০০৯৯২ এলাকার মোবারক হোসেনের ছেলে।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫), সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
জানা গেছে, গ্রেফতারকৃত ইকরাম টেকনাফ থানার ২০২১ সালের একটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি। উক্ত মামলায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালতের রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, মাদক ও অপরাধ দমনে র্যাব-১৫ এর চিরুনি অভিযান এবং গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মতামত