বালাসী ঘাটে চাঁদাবাজির ভিডিও ধারণ করায় সাংবাদিকের মোবাইল ছিনতাই, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ,
মোঃ রেজাদুল ইসলাম রেজা,স্টাফ রিপোর্টার গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাটে চাঁদাবাজির ভিডিও ধারণ করায় এক সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ফুটেজ ডিলিট করার অভিযোগ উঠেছে কঞ্চিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বালাসী ঘাটে চরাঞ্চলে চলাচলকারী নৌকা ও সাধারণ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছিল। আজ সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা মেলে।
বিকেলে চরাঞ্চল থেকে আসা এক নৌকার মাঝির কাছে অবৈধ টোলের নামে চাঁদা দাবি করে অভিযুক্ত পক্ষের লোকজন। মাঝি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং পকেটে থাকা টাকা ছিনিয়ে নেওয়া হয়।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক জানান, তিনি মোবাইল ফোনে ঘটনাটি ভিডিও ধারণ শুরু করলে কঞ্চিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি পরিচয় দেওয়া মদনের পাড়ার নজরুলের ছেলে জন তার মোবাইল ফোন কেড়ে নেন। পরে ফোনে থাকা ভিডিও ফুটেজ ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ডিলিট করে দেন। এ সময় তাকে ধাক্কা দেওয়া হয়, অকথ্য ভাষায় গালাগালি ও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগ করেন ওই সাংবাদিক।
তিনি বলেন, “চরাঞ্চলের নিরীহ মানুষদের ওপর এ ধরনের জুলুম, চাঁদাবাজি ও সন্ত্রাসী আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
ঘটনাটি নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক। একই সঙ্গে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, বালাসী ঘাটে এ ধরনের চাঁদাবাজি দীর্ঘদিন ধরেই চলে আসছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে।
মতামত