চলছে উপকূলীয় মানুষের ভয়ার্ত ও স্বরর্ণীয় মে মাস। বিগত ১৭ বছর আগে আয়লায় ক্ষতিগ্রস্থ মানুষের শুকায়নি ক্ষত। বাস্তুচ্যুৎ লক্ষ লক্ষ মানুষ। এখনো জীবন ঝুকিতে রয়েছে উপকূলীয় মানুষ।
এফ,এম, এ রাজ্জাক, পাইকগাছা (খুলনা) :২০০৯ সালের ২৫ মে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনসহ দেশের দক্ষিণ-পশ্চিম উপকূল (খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট) এলাকায় আঘাত হানে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় 'আইলা' উপকূলীয় জনপদে যার ক্ষত ১৭ বছরেও শুকায়নি। বরং অলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও মনুষ্য সৃষ্ট নানা কারণে প্রতিবছরই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস উপকূলে আঘাত হানছে। চলতি বছরক বড় ধরনের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে, যা উপকূলের জীবন-জীবিকা ও প্রাণ-প্রকৃতিকে বিপন্ন করে তুলতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আইলাতে ৮-১০ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস আঘাত হানে উপকূলীয় এলাকায়। ঝড় ও জলোচ্ছ্বাস নিমিষেই ভাসিয়ে নেয় নারী, শিশুসহ কয়েক হাজার মানুষ ও অসংখ্য হাঁস-মুরগি, গবাদিপশু। ঘরবাড়ি ঘসে গৃহহীন হয়ে পড়ে হাজার হাজার পরিবার। ধ্বংস হয় উপকূল রক্ষা বেড়িবাঁধ, অসংখ্য ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান। আইলাবিধ্বস্ত এলাকায় আজও সুপেয় পানির সংকট রয়ে গেছে। যেনতেনভাবে মেরামত করা বেড়িবাধ বারবার ভাঙছে। হুমকির মুখে থাকা বাঁধগুলো মেরামতের তাগিদ দিয়েও সমাধান হচ্ছে না। আজও অনেকে বাড়িতে ফিরতে পারেনি। কর্মসংস্থানের অভাবে এখনো অনেককে বাড়ি ছাড়তে হচ্ছে। সুন্দরবন, কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর ওপর নির্ভরশীল এলাকার মানুষ দুর্বিষহ জীবন কাটাচ্ছে। স্থানীয়রা জানান, উপকূলের মানুষ সেই দিনের কথা মনে করে এখনো শিউরে ওঠে। কারণ সংকট আরো ঘনীভূত হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকি আরো বেড়েছে। আগে যেখানে ১০ থেকে ১৫ বছর পর পর বড় দুর্যোগ আসত, এখন প্রায় প্রতিবছরই শক্তিশালী ঘূর্ণিঝড় উপকূলকে লণ্ডভণ্ড করে দিয়ে যাচ্ছে। জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে লবণাক্ত পানি ঢুকে পড়ছে লোকালয়ে। এতে কেবল ঘরবাড়ি নয়, ধ্বংস হচ্ছে উপকূলের চিরচেনা প্রকৃতি। লবণাক্ত পানির আগ্রাসনে বহু প্রজাতির গাছপালা ও স্বাদু পানির মাছ চিরতরে হারিয়ে যাচ্ছে। আবাদি জমি হয়ে পড়ছে অনুর্বর। লোনা পানির প্রভাবে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে নারী ও শিশুরা। ফলে জীবন বাঁচাতে ভিটেমাটি ছেড়ে 'জলবায়ু উদ্বাস্তু' হয়ে অনেকেই শহরে পাড়ি জমাচ্ছে। একাধিক গবেষণা তথ্য মতে, গত ১০ বছরে বাংলাদেশের উপকূলে দুর্যোগের ঝুঁকি বৃদ্ধির পাশাপাশি তা বিধ্বংসী হয়ে উঠেছে। দুর্যোগের কারণে উপকূলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বছরে প্রায় চার মিলিমিটার থেকে ৭.৮ মিলিমিটার হারে বাড়ছে, যা বৈশ্বিক গড় (৩.৪২ মিমি) হারের চেয়ে অনেক বেশি। উপকূলীয় জেলা সাতক্ষীরা ও খুলনার কিছু অংশে গত দুই বছরে লবণাক্ততা ৮ থেকে ১২ শতাংশ বেড়েছে। বর্তমানে ১৯টি উপকূলীয় জেলার ১৪৮টি উপজেলা লবণাক্ততার ঝুঁকিতে রয়েছে। উপকূলে লোনা পানির প্রভাবে নারীদের প্রজনন স্বাস্থ্য ও চর্মরোগের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব কারণে প্রায় ৫০ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাচ্যুত হয়েছে। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) এক গবেষণায় বলা হয়, বিশ্বে গত ৫০ বছরে জলবায়ু পরিবর্তনের কারণে মারাত্মক প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে। বন্যা ও তাপপ্রবাহের মতো দুর্যোগগুলো অন্তত পাঁচ গুণ বেড়েছে। ২০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে ৩.৬৪ ট্রিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে। আর গত ছয় বছরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের এক লাখ ৭৯ হাজার ১৯৮ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপে উঠে এসেছে। আর গবেষণা তথ্যানুযায়ী, দেশের বিস্তীর্ণ উপকূলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ১০ গুণ বেড়েছে। দুর্যোগের ঝুঁকিতে বাংলাদেশের অবস্থান নবম। এই অবস্থায় বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, উপকূলে যেকোনো মুহূর্তে বড় ধরনের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। বিশ্ব দুর্যোগ ঝুঁকি সূচকে ৯ নম্বর অবস্থানে থাকা মানেই বাংলাদেশ এক ভয়াবহ 'টাইম বোমার' ওপর দাঁড়িয়ে আছে। ফলে আগে যে ধরনের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস ১০০ বছরে একবার হতো, এখন তা ১০ বছরেই হতে পারে। আর সমুদ্রগষ্ঠের উচ্চতা যেভাবে বাড়ছে, তাতে কার্যকর অভিযোজন ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে মানচিত্র থেকে উপকূলের বিশাজ অংশ হারিয়ে যেতে পারে। উপকূল নিয়ে গবেষণার অভিজ্ঞতা তুলে ধরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী কালের কণ্ঠকে বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষকে সব সময় প্রাকৃতিক দুর্যোগের আতঙ্কে দিন কাটাতে হয়। গত ৩৫ বছরে আতঙ্ক বেড়েছে। উপকূূলবাসীদের অধিকার নিয়ে গবেষণা চালিয়ে যাওয়া সাংবাদিক ও মানবাধিকার কর্মী নিখিল ভদ্র জানান,
এখন বর্ষাকালে বৃষ্টিপাত তাৎপর্যপূর্ণভাবে কমেছে। গড় তাপমাত্রা বেড়েছে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সমুদ্রের ঘূর্ণিঝড় ও জালোচ্ছ্বাসের একটা সম্পর্ক আছে। এ কারণেই সাম্প্রতিক বছরগুলোতে ঘূর্ণিঝড় বেড়েছে। এতে অবকাঠামো, বসতবাড়ি ও কৃষিজমি বিনষ্ট হচ্ছে। আর সাগরের লবণাক্ত পানির আগ্রাসনে এসব জমি উর্বরতা শক্তি হারাচ্ছে। মৎস্যসম্পদ ধ্বংস হচ্ছে। সুপেয় পানির সংকট বাড়ছে। কেউ কেউ এলাকা ছাড়লেও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের মধ্যে থাকা মানুষগুলো অরক্ষিত অবস্থায় জীবনধারণ করছে। এই অবস্থায় দুর্যোগ মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ জরুরি।,,,,
ছবি :- ২০০৯ সালের আয়লায় ১৫০ জনের মৃত্যু, ২ লক্ষ বাস্তুহারা মানুষের একাংশ
মতামত