সোনারগাঁবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূঁইয়া
মোঃ সজিব মিয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সোনারগাঁ উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া। ঈদকে ঘিরে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি সবার সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় আশরাফ ভূঁইয়া বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা নিয়ে আসে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কোরবানির যে আদর্শ, তা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মানবিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে সমাজে বিভেদ, হিংসা ও অসহিষ্ণুতা দূর করে পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় করতে হবে। ঈদের আনন্দ কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ছড়িয়ে দিতে হবে। তাহলেই ঈদের প্রকৃত শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলিত হবে।
আশরাফ ভূঁইয়া বলেন, সোনারগাঁ একটি ঐতিহ্যবাহী জনপদ। এ অঞ্চলের মানুষের মাঝে দীর্ঘদিন ধরে যে সামাজিক বন্ধন ও সৌহার্দ্যের পরিবেশ রয়েছে, তা আরও সুদৃঢ় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত একটি সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সবাইকে ধৈর্য, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।
সবশেষে আশরাফ ভূঁইয়া দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলমানের প্রতি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানান এবং মহান আল্লাহর কাছে সোনারগাঁবাসীর সুখ, শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করেন।
মতামত