টেকনাফে র্যাব-১৫’র চিরুনি অভিযানঅস্ত্র ও গুলিসহ দুর্ধর্ষ ডাকাত দলনেতা ‘গফুর’ গ্রেফতার
কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর পরিচালিত চিরুনি অভিযানে অস্ত্র, গুলি ও দেশীয় ধারালো অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলনেতা আব্দুল গফুর (৪৪) কে গ্রেফতার করা হয়েছে। তিনি একাধিক মামলার পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি বলে জানিয়েছে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৪ মে ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৩টা ৫ মিনিটে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানাধীন বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীপাড়া (কোনারপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে আব্দুল গফুর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার বসতঘরের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি), ১ রাউন্ড রাইফেলের গুলি এবং ১টি বড় লোহার কিরিচ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল গফুর কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীপাড়া (কোনারপাড়া) গ্রামের মৃত বদিউর রহমানের ছেলে।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আব্দুল গফুর স্থানীয়ভাবে পরিচিত “গফুর ডাকাত দল”-এর প্রধান হোতা ও অন্যতম অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি একটি মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে গুরুতর আঘাত ও হত্যা চেষ্টাসহ একাধিক মামলার চার্জশিট রয়েছে।
র্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় ডাকাতি, অস্ত্রবাজি, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন এবং দীর্ঘ সময় ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, অপরাধ ও সন্ত্রাস দমনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত