ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি
মোঃ সুমন রহমান স্বজন দিনাজপুর জেলা প্রতিনিধি:- ২৪ মে ২০২৬ মায়ানমার সীমান্তে আবারও ভয়াবহ প্রাণহানি! বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ঝরে গেল ৩টি তাজা বাংলাদেশি প্রাণ। নিহতরা হলেন— অক্যমং তংচঙ্গ্যা, চিক্যং তংচঙ্গ্যা এবং শৈফুচিং তংচঙ্গ্যা।
আজ দুপুরে মিয়ানমার সংলগ্ন সীমান্ত এলাকায় নিজেদের কৃষিজমিতে কাজ করতে গিয়ে তারা এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একজন স্থলমাইনের বিস্ফোরণে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে আরও দুটি বিস্ফোরণ ঘটে, এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বাকি দুজন। পুরো এলাকা মুহূর্তেই পরিণত হয় আতঙ্ক ও শোকের জনপদে।
সীমান্তবর্তী সাধারণ মানুষের নিরাপত্তা এখন ভয়াবহ হুমকির মুখে। ধারণা করা হচ্ছে, মিয়ানমারের রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ‘আরএসও’ সীমান্তজুড়ে এসব ল্যান্ডমাইন ও আইইডি পুঁতে রেখেছে। বর্তমানে তারা ‘আরাকান আর্মি’র সঙ্গে সংঘাতে জড়িত এবং সেই সংঘাতের প্রভাব ক্রমেই বাংলাদেশ সীমান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ছে। অভিযোগ রয়েছে, নিজেদের অবস্থান রক্ষা কিংবা প্রতিপক্ষকে ঠেকাতে এসব সশস্ত্র গোষ্ঠী সীমান্তের জিরো লাইনসহ আশপাশের এলাকায় নির্বিচারে মাইন পুঁতে রাখছে। আর সেই ভয়াবহতার শিকার হচ্ছেন নিরীহ বাংলাদেশিরা।
মাত্র ৫৬ হাজার বর্গমাইলের এই ছোট্ট বাংলাদেশ আজ সীমান্ত নিরাপত্তা নিয়েই বড় প্রশ্নের মুখে। ওপারে যুদ্ধের আগুন, আর এপারে ঝরছে আমাদের সাধারণ মানুষের রক্ত। সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের জীবন এখন প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে।
এই আগ্রাসন ও প্রাণঘাতী হুমকি বন্ধে এখনই কঠোর, কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া জরুরি। সীমান্ত সুরক্ষায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। নিরীহ মানুষের জীবন রক্ষায় আর কোনো অবহেলার সুযোগ নেই।
মতামত