সাংবাদিক ফরহাদ হোসেন রাজের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
স্টাফ রিপোর্টার: সাংবাদিক ফরহাদ হোসেন রাজের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মে) সকাল ১১টায় কিশোরগঞ্জ সদর আখড়াবাজার ব্রীজ সংলগ্ন বিজয় চত্বরে কিশোরগঞ্জ সাংবাদিক সমাজের উদ্যোগে এবং জাতীয় সাংবাদিক সংস্থার সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক, সাংবাদিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বারবার হামলা ও হুমকির মুখে পড়তে হচ্ছে। সাংবাদিক ফরহাদ হোসেন রাজের ওপর হামলাও সেই ধারাবাহিকতার অংশ বলে মন্তব্য করেন তারা।
জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. দেলুয়ার হোসেন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পলাশের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল মালেক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী সোহেল, কিশোরগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস কে রাসেল, সাংবাদিক মো. আব্দুল কাদের, চ্যানেল টোয়েন্টিওয়ানের জেলা প্রতিনিধি মোঃ জোনায়েদ হোসেন, সাংবাদিক ওয়াহিদুজ্জামান খান, আতাউর হাসান দিনার, মিজানুর রহমান শাহীন ও আবুল কালাম আজাদসহ আরও অনেকে।
বক্তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধের অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন তারা।
সমাবেশে বক্তারা আরও বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। পাশাপাশি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
মতামত