অপেক্ষার নীল উপাখ্যান
✍️জাহেদুল ইসলাম আল রাইয়ান
ওগো, তুমি কি আসিবে
যেমন দীর্ঘ নিশির শেষে রৌদ্রভেজা প্রভাত আসে,
যেমন নিঃশব্দ বিকেলের বুকে গোধূলির আবেশ ভাসে,
তেমনি কি তুমি আসিবে আমার প্রতীক্ষার অবসানে,
নাকি আমি জাগিব শুধু বিরহেরই অনুরণে।
দেখিনি তোমায় কখনো, তবু স্বপ্নে তোমার বসতি,
অচেনা এক মুখের তরে হৃদয়ে জাগে ব্যাকুল গীতি।
নিভৃত রাতের জানালাজুড়ে তোমার ছায়া ভাসে,
অব্যক্ত এক মায়াবন্ধন নিঃশব্দে আমায় হাসে।
চাঁদের আলোয় আলোকিত এ নক্ষত্রময় ভুবন,
তবু তোমাহীন হৃদয় আমার তিমিরঘেরা গহন।
তারার মিছিল জ্বলে আকাশে রূপালি অনুরাগে,
তবু অন্তর জ্বলে নিঃসাড় কোনো অদেখা বিরাগে।
কৃষ্ণচূড়ার সৌরভমাখা চতুর্দিকের বাতায়ন,
তবু সে গন্ধ ছুঁতে পারে না এ উদাসী স্পন্দন।
কারণ আমার সমগ্র সত্তা আজও তোমার আশে
ওগো, তুমি কি আসিবে ভালোবাসার ভাষে?
মতামত