কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা সম্পন্ন
স্টাফ রিপোর্টার:কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ (ক্রাইম) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) অনুষ্ঠিত এ সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম এবং পুলিশ সদস্যদের কল্যাণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
দিনের শুরুতে সকাল সাড়ে ৯টায় কিশোরগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ, থানার অফিসার ইনচার্জসহ (ওসি) জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
কল্যাণ সভায় পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান সমস্যা, আবাসন, চিকিৎসা, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে খোলামেলা আলোচনা হয়। পুলিশ সুপার সদস্যদের বক্তব্য শুনে বেশ কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি সদস্যদের মনোবল বৃদ্ধি ও কর্মপরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
অপরাধ পর্যালোচনা সভায় জেলার বিভিন্ন থানার সাম্প্রতিক অপরাধ পরিস্থিতি বিশ্লেষণ করা হয়। বিশেষ করে মাদক উদ্ধার অভিযান, ওয়ারেন্ট তামিল, চুরি-ডাকাতি প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অপরাধ দমনে পুলিশের কার্যক্রম পর্যালোচনা করা হয়।
সভায় পুলিশ সুপার বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও দায়িত্বশীল ও জনবান্ধব হতে হবে। অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রতিটি থানাকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়।
মতামত