হোয়াইক্যং চেকপোস্টে প্রাইভেটকারের বাম্পারে ৩২ হাজার ইয়াবা, আটক চালক
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারের বাম্পারের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় প্রাইভেটকার চালক মোঃ তারেক (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) রাতে উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে হ্নীলা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা বিজিবি’র প্রশিক্ষিত নারকোটিক্স ডগ “হেনরী” এর সহায়তায় তল্লাশি অভিযান পরিচালনা করেন।
তল্লাশীকালে ডগ হেনরীর সংকেতের ভিত্তিতে প্রাইভেটকারটির সামনের বাম্পারের ভেতর থেকে ১৬টি প্যাকেটে লুকানো ইয়াবা উদ্ধার করা হয়। পরে গণনা করে মোট ৩২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এ ঘটনায় প্রাইভেটকার চালক মোঃ তারেক (২৩), পিতা-মোঃ রফিক, মাতা-সুফিয়া, গ্রাম-গোদারপাড়া, ডাকঘর-টেকনাফ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি হ্নীলা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত আলামত ও আটক আসামির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত