বাগমারা উত্তর ও দক্ষিণ ইউনিয়নকে কুমিল্লা সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি জোরালো
উন্নয়নের স্বার্থে স্থানীয়দের মতামত ও প্রত্যাশা
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বাগমারা উত্তর ও দক্ষিণ ইউনিয়নকে কুমিল্লা সিটি কর্পোরেশন-এর আওতায় অন্তর্ভুক্ত করার দাবি দিন দিন জোরালো হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের একটি বড় অংশ মনে করছেন, আধুনিক নাগরিক সুবিধা ও পরিকল্পিত উন্নয়নের স্বার্থে এখনই এই দুটি ইউনিয়নকে সিটি কর্পোরেশনের সঙ্গে যুক্ত করা সময়ের দাবি।
স্থানীয়দের মতে, কুমিল্লা শহরের বিস্তৃতি, জনসংখ্যা বৃদ্ধি এবং আশপাশের এলাকার দ্রুত নগরায়নের কারণে বাগমারা অঞ্চল ইতোমধ্যে আধা-শহুরে রূপ নিয়েছে। কিন্তু ইউনিয়ন কাঠামোর সীমাবদ্ধতার কারণে কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে এখনও বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
এলাকাবাসীর দাবি, সিটি কর্পোরেশনের আওতায় এলে বাগমারা উত্তর ও দক্ষিণ ইউনিয়নে আধুনিক সড়ক যোগাযোগ, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা, পর্যাপ্ত স্ট্রিট লাইট এবং পরিকল্পিত নগর সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। একইসঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসায়িক পরিবেশেরও ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন তারা।
বিশেষ করে বাগমারা বাজারসহ আশপাশের বাণিজ্যিক এলাকাগুলোর উন্নয়ন ও বিনিয়োগ বাড়ার সম্ভাবনার কথাও উল্লেখ করছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের মতে, সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলে এলাকার ভূমির মূল্য, ব্যবসার সুযোগ এবং অবকাঠামোগত সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।
স্থানীয় সচেতন মহল বলছে, “উন্নয়নের মূল স্রোতে থাকতে হলে এখনই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সময় চলে গেলে পরে আফসোস করেও সেই সুযোগ ফিরে পাওয়া কঠিন হবে।”
এ বিষয়ে স্থানীয়রা কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, নির্বাচন কমিশন, স্থানীয় সরকার বিভাগ এবং কুমিল্লা সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এছাড়া কুমিল্লা সিটি প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদের কাছেও জনমতের প্রতিফলন ঘটিয়ে বাগমারা উত্তর ও দক্ষিণ ইউনিয়নকে দ্রুত সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের ভাষ্য, “আমরা পিছিয়ে থাকতে চাই না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আধুনিক, পরিকল্পিত ও উন্নত আবাসিক এলাকা গড়ে তুলতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন।”
#উন্নয়নের_ডাক #বাগমারা_সিটি_কর্পোরেশন #বাগমারা_উত্তর #বাগমারা_দক্ষিণ #কুমিল্লা_সিটি_কর্পোরেশন #উন্নয়ন #কুমিল্লা
মতামত