কুমিল্লায় র্যাব-১১ এর অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার
কুমিল্লায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
র্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে অদ্যাবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী, শীর্ষ সন্ত্রাসী, আরসা সদস্য, জঙ্গি, হত্যা ও ধর্ষণ মামলার আসামিসহ বিপুল সংখ্যক অপরাধীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য। এছাড়াও অপহরণকারী, ছিনতাইকারী, ডাকাত, জেল পলাতক ও প্রতারণা মামলার আসামিদের আইনের আওতায় এনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাহিনীটি।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গত ১২ মার্চ ২০২৬ রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানা এলাকার ২য় মুরাদপুরে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী আমজাদ হোসাইন রিপন (৩৬) কে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত আমজাদ হোসাইন রিপন কুমিল্লা জেলার দক্ষিণ চর্থা (থিরা পুকুরপাড়) এলাকার মাহে আলমের ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি ২য় মুরাদপুরসহ বিভিন্ন এলাকায় উদ্ধারকৃত অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানানো হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানা-এ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব আরও জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মতামত