আজকের সিনিয়র সাংবাদিকরাও একদিন ছিলেন জুনিয়র” ছোট মিডিয়ার সাংবাদিকদের প্রতি অবহেলা কেন?
জামাল উদ্দীন কক্সবাজার জেলা:
কলমের কালি, ক্যামেরার ফ্রেম আর সত্যের সন্ধান, সাংবাদিকতার পথ কখনোই সহজ ছিল না। এই পথ ধরে হাঁটতে গিয়ে অসংখ্য তরুণ সাংবাদিক প্রতিদিন সংগ্রাম করছেন স্বপ্ন নিয়ে, আত্মমর্যাদা নিয়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই পথেই অনেক সময় অবহেলা, অপমান আর বৈষম্যের শিকার হচ্ছেন ছোট মিডিয়া ও জুনিয়র সাংবাদিকরা।
আজ যারা নিজেদের সিনিয়র সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, তারাও একদিন ছিলেন একেবারে নতুন। কারও হাতে তখন ছিল না বড় প্রতিষ্ঠানের পরিচয়, ছিল না পরিচিতির জোর কিংবা ক্ষমতার ছায়া। ছিল শুধু সাহস, পরিশ্রম আর সত্য প্রকাশের অদম্য ইচ্ছাশক্তি। বছরের পর বছর মাঠে ঘাম ঝরিয়ে, প্রতিকূলতা পেরিয়ে তারা আজকের অবস্থানে পৌঁছেছেন।
তাহলে প্রশ্ন থেকে যায় কেন কিছু সিনিয়র সাংবাদিক আজ নতুন কিংবা ছোট মিডিয়ার কর্মীদের দিকে অবজ্ঞার চোখে তাকান?
অভিযোগ রয়েছে, বিভিন্ন অনুষ্ঠান কিংবা সংবাদ সংগ্রহের সময় ছোট মিডিয়ার সাংবাদিকদের পেছনের সারিতে রাখা হয়, অনেক সময় কথা বলার সুযোগও দেওয়া হয় না। কেউ কেউ অপমানজনক ভাষা ব্যবহার করেন, যেন সাংবাদিকতার মান শুধুই বড় প্রতিষ্ঠানের পরিচয়ে নির্ধারিত হয়। অথচ বাস্তবতা হলো, ঝড়, বৃষ্টি, দুর্ঘটনা, আন্দোলন কিংবা সংকটময় পরিস্থিতিতে সবার আগে ছুটে যান এই মাঠপর্যায়ের ছোট মিডিয়ার কর্মীরাই।
একজন জুনিয়র সাংবাদিকের বুকেও থাকে স্বপ্ন। তিনিও একদিন বড় হবেন, মানুষের কথা বলবেন, সমাজের অন্যায়ের বিরুদ্ধে কলম ধরবেন, এই আশা নিয়েই পথচলা শুরু করেন। কিন্তু শুরুতেই যদি তিনি অপমান আর অবহেলার শিকার হন, তাহলে সেই কষ্ট শুধু একজন মানুষের নয়, পুরো সাংবাদিক সমাজের জন্যই লজ্জার।
সাংবাদিকতা কোনো পদ-পদবি কিংবা প্রতিষ্ঠানের অহংকার নয়; এটি একটি দায়িত্ব, একটি মানবিক অঙ্গীকার। এখানে বড়-ছোট বিভাজন নয়, প্রয়োজন পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও ঐক্য।
সচেতন মহল মনে করেন, সিনিয়র সাংবাদিকদের উচিত নতুনদের পাশে দাঁড়ানো, ভুল ধরিয়ে দিয়ে পথ দেখানো, সাহস দেওয়া এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। কারণ আজকের সেই ছোট মিডিয়ার কর্মী কিংবা জুনিয়র সাংবাদিকই আগামী দিনের অভিজ্ঞ ও নেতৃত্বদানকারী সাংবাদিক হয়ে উঠবেন।
সম্মান দিলে সম্মান ফিরে আসে, সাংবাদিক সমাজে এই মূল্যবোধই হোক সবচেয়ে বড় পরিচয়।
মতামত