টেকনাফে হ্নীলা কোস্ট গার্ডের অভিযানে ৩৫ লাখ টাকার ইয়াবাসহ মাদককারবারি আটক
জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি:কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (১২ মে) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৫টার দিকে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের লেদা বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইজিবাইক তল্লাশি করে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত ইজিবাইকসহ এক মাদককারবারিকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মোঃ আরাফাত উদ্দিন (২০)। তিনি কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ডেইল পাড়ার বাসিন্দা। তার পিতার নাম নুর মোহাম্মদ এবং মাতার নাম আঞ্জুমান নাহার।
জব্দকৃত ইয়াবা, ইজিবাইক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কোস্ট গার্ড।
মিডিয়া কর্মকর্তা আরও বলেন, মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
মতামত