কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া থেকে চারজন জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের আরাকান আর্মির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মোহাম্মদ হোসাইন (স্টাফ রিপোর্টার) টেকনাফ প্রতিনিধি:- স্থানীয় সূত্রে জানা যায়, সাবরাং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চার জেলে মাছ ধরার সময় নাফ নদীতে অবস্থানকালে তাদের আটক করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ রয়েছে। অপহৃতদের স্বজনরা দাবি করেছেন, তাদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।
অপহৃতদের পরিচয় পাওয়া গেছে—আব্দুর রহমান মাঝি (৪৭), পিতা: মৃত লাল মিয়া, গ্রাম: ঘোলারপাড়া; গুরা মিয়া (৬৩), পিতা: মৃত মকবুল আহমেদ, গ্রাম: নোয়াপাড়া; সব্বির আহমেদ (৫৩), পিতা: মরহুম নুর আহমেদ, গ্রাম: নোয়াপাড়া; এবং আব্দুল মতলব (৪২), পিতা: নুরুল ইসলাম, গ্রাম: নোয়াপাড়া, ইউনিয়ন: সাবরাং, থানা: টেকনাফ।
অন্যদিকে জানা গেছে, তিনজন শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা জেলেকেও নিয়ে যায় আরাকান আর্মি। স্বজনরা জানান, হঠাৎ করে তাদের নিখোঁজ হওয়ার পর খোঁজাখুঁজি চালিয়ে জানা যায় তারা মিয়ানমার সীমান্তের ওপারে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় পরিবারগুলোতে চলছে কান্না ও উদ্বেগ।
এ বিষয়ে স্থানীয় প্রতিনিধিরা জানান, বিষয়টি ইতোমধ্যে প্রশাসনের বিভিন্ন স্তরে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং তাদের দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
স্থানীয়রা চার জেলের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন এবং সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ প্রত্যাশা করেছেন। পাশাপাশি সীমান্ত এলাকায় জেলেদের নিরাপত্তা জোরদারের দাবিও জানান তারা।
প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মতামত