শ্রমিক সংকটে কৃষকের পাশে ছাত্রদল: স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিলেন নেতাকর্মীরা
মোঃ রাসেল আহমেদ(নেত্রকোনা) প্রতিনিধি: শ্রমিক সংকট ও সময়মতো ধান কাটতে না পারার কারণে বিপাকে পড়া কৃষকদের পাশে দাঁড়িয়েছে মদন উপজেলা ছাত্রদল। সোমবার (২০ এপ্রিল) দিনব্যাপী এই মানবিক উদ্যোগে ছাত্রদলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মাঠে নেমে কৃষকের পাকা ধান কেটে দেন।
দিনভর পরিশ্রমের মাধ্যমে তারা কৃষকদের ফসল ঘরে তোলায় সহায়তা করেন, ফলে অনেক কৃষকই সময়মতো ধান সংগ্রহ করতে সক্ষম হন। স্থানীয় কৃষকদের ভাষায়, এই উদ্যোগ তাদের জন্য বড় ধরনের সহায়তা হিসেবে এসেছে।
এ সময় উপস্থিত ছিলেন মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল এবং সাধারণ সম্পাদক শামীম হাসান। এছাড়াও উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রোমান, তুষার, দীপু, বিপুল, তোফায়েল, রিফাত, আরিফ, আশিকুলসহ অনেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অন্যদিকে গোবিন্দশ্রী ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকেও এ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করা হয়। ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রবিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ছোটন এবং কর্মী তারেক জিয়া, শরীফসহ অন্যান্য নেতাকর্মীরাও কৃষকদের পাশে দাঁড়ান।স্থানীয় কৃষকরা বলেন, “এমন উদ্যোগ আমাদের জন্য অনেক বড় সহায়তা। শ্রমিক সংকটে আমরা দুশ্চিন্তায় ছিলাম, কিন্তু ছাত্রদলের এই সহযোগিতায় আমরা সময়মতো ধান ঘরে তুলতে পেরেছি।”
ছাত্রদল নেতারা জানান, ভবিষ্যতেও কৃষকসহ সাধারণ মানুষের যেকোনো সংকটে পাশে থাকার অঙ্গীকার তাদের অব্যাহত থাকবে।
মতামত