কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মানব পাচার চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। সোমবার (২০ এপ্রিল ২০২৬) টেকনাফ মডেল থানা পুলিশ পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, শাহপরীর দ্বীপ ক্যাম্পের ইনচার্জ এসআই সনজীব কান্তি নাথ, এসআই মোরশেদ আলম এবং এএসআই মোঃ আলা উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ টেকনাফ সদর ও সাবরাং ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ ইসমাইল (১৯), মোঃ ইব্রাহিম (২৬) এবং মোঃ ফারুক (৩৫)। তারা টেকনাফ থানার মামলা নং-২৯/২৬৮ (তারিখ: ১১ এপ্রিল ২০২৬) এর আসামি এবং মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর বিভিন্ন ধারায় অভিযুক্ত।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মানব পাচার চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে পাচার করে আসছিল।
গ্রেফতারের পর তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে আরও জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত