মনিপুরঘাট জামে মসজিদে মাদকবিরোধী বার্তা: কঠোর অবস্থানের ঘোষণা ওসি আবুল কালাম ভূঁইয়ার
ষ্ট্যাফ রিপোর্টার,কিশোরগঞ্জ সদর উপজেলার মনিপুরঘাট জামে মসজিদে জুমার নামাজকে কেন্দ্র করে মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত মুসল্লিদের সামনে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া মাদক নির্মূলে পুলিশের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।
বক্তব্যে তিনি বলেন, মাদক একটি সমাজকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায়। এর কারণে তরুণ প্রজন্ম বিপথে যাচ্ছে, বাড়ছে চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ। তাই মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
ওসি আবুল কালাম ভূঁইয়া জানান, মনিপুরঘাট ও আশপাশের এলাকায় যাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে পুলিশ তথ্য সংগ্রহ করছে। পাখি, চন্দন, জুমু, নাদিম, খোকন (স্থানীয়ভাবে মাদক সম্রাট হিসেবে পরিচিত), বাবু মার্কাস, সূজন, হাসেম মেম্বারের ছেলে জীবন এবং কাটাখালী এলাকার উজ্জলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রমাণ মিললে আইনের আওতায় আনা হবে বলে তিনি সতর্ক করেন।
তিনি বলেন, “মাদক ব্যবসায় জড়িত কেউ রেহাই পাবে না। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” পাশাপাশি তিনি এলাকাবাসীকে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে জানাতে আহ্বান জানান এবং তথ্যদাতার নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন।
বক্তব্যে তিনি অভিভাবকদেরও সতর্ক থাকার পরামর্শ দেন। সন্তানদের চলাফেরা ও বন্ধু-বান্ধবের প্রতি নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, পরিবার থেকেই সচেতনতা শুরু করতে হবে।
মসজিদের ইমাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পুলিশের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখেছেন। তারা মনে করেন, ধর্মীয় স্থান থেকে এমন সচেতনতা মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করে।
অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিরা মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন। স্থানীয়দের আশা, এই উদ্যোগের ফলে এলাকায় মাদক নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি হবে।
মতামত