:
বিজিবি’র বিশেষ অভিযানে পাচারকারীর ফেলে যাওয়া ব্যাগ থেকে বিপুল মাদক জব্দ:
মোহাম্মদ হোসেন কক্সবাজার টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে মাদক পাচারের একটি বড় অপচেষ্টা ব্যর্থ করে ৬,১২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা।
জানা যায়, দেশের সীমান্ত সুরক্ষা ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৫ এপ্রিল ২০২৬ তারিখে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ টেকনাফ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে মিয়ানমার থেকে আসা একটি মাদকের চালান টেকনাফ পৌরসভার কচুবনিয়া এলাকায় প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে বিজিবি’র অধিনায়কের নির্দেশনায় কচুবনিয়া এলাকায় কৌশলগত অবস্থান নেয় আভিযানিক দল।
পরে রাত আনুমানিক ৮টার দিকে একজন ব্যক্তি একটি ব্যাগে করে মাদকের চালান বহন করে এলাকায় প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাকে আটক করতে ধাওয়া করে। এ সময় পাচারকারী বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত ব্যাগের ভেতর থেকে ৬,১২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, আভিযানিক দলের তাৎক্ষণিক ও কৌশলগত পদক্ষেপের ফলে মাদক পাচারের এই অপচেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
মতামত