গাজীপুরের শ্রীপুরে ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্যাতন ও ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি থানায় অভিযোগ
শ্রীপুর গাজীপুর প্রতিনিধি আল আমিন খান:- গাজীপুরের শ্রীপুরের কেওয়া বাজারে এক বিকাশ ব্যবসায়ীকে তার নিজ দোকান থেকে তুলে নিয়ে অপহরণ, শারীরিক নির্যাতন এবং নগদ টাকাসহ মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত ১০ এপ্রিল সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. পারভেজ বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী মো. পারভেজ উপজেলার মুলাইদ গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি গত ৮ বছর ধরে কেওয়া বাজারে ‘বিসমিল্লাহ টেলিকম’ ও ‘বিসমিল্লাহ এক্সেসরিজ’ নামের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন ১০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে পারভেজের দোকানে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দোকান থেকে নগদ ৭ লাখ ৮০ হাজার টাকা, বিকাশের দুটি মোবাইল ফোন এবং একটি হিরো স্প্লেন্ডার মোটরসাইকেল (ঢাকা মেট্রো হ-৬৩-৮৩০৭) ছিনিয়ে নেয়। লুটপাটের পর তাকে জোরপূর্বক অপহরণ করে বাজার সংলগ্ন একটি ভবনের পঞ্চম তলায় নিয়ে একটি নির্জন কক্ষে আটকে রাখা হয়। সেখানে তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি মারধর করে গুরুতর জখম করা হয়। পরবর্তীতে মুক্তিপণ হিসেবে তার পরিবারের কাছে আরও ৩ লাখ টাকা দাবি করেন অপহরণকারীরা। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে গেলে অভিযুক্তরা তাকে ছেড়ে দেয়।
আজ বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ভুক্তভোগীর দোকানটি তছনছ অবস্থায় পড়ে আছে। হামলার সময় দোকানের সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে এবং সিসিটিভির হার্ডডিস্কও গায়েব করা হয়েছে। বাজারের প্রত্যক্ষদর্শীরা জানান, প্রকাশ্যে এমন অপহরণ ও নির্যাতনের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী পারভেজ জানান, হামলাকারীরা তার বিবাহিত স্ত্রী ও শ্বশুরবাড়ির আত্মীয়স্বজন। মূলত পারিবারিক কলহের জের ধরে পরিকল্পিতভাবে এই হামলা ও অপহরণের ঘটনা ঘটানো হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির আহমদ বলেন, "আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
বর্তমানে ভুক্তভোগী ব্যবসায়ী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু বিচার এবং লুণ্ঠিত মালামাল দ্রুত উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।
মতামত