মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার (টেকনাফ):
কক্সবাজারের উখিয়ায় সাহিত্য-সংস্কৃতির অন্যতম প্রাচীন সংগঠন উখিয়া সাহিত্য কুটির-এর উদ্যোগে কবি ও লোকজ গবেষক মাস্টার শাহআলমের রচিত “ইসলামী আখ্যান” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রন্থের রচয়িতা মাস্টার শাহআলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক তহিদুল আলম তহিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ছৈয়দ হোসেন, উখিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী হেলাল উদ্দিন, কক্সবাজার জেলা তাঁতীদলের আহ্বায়ক নাসির উদ্দীন চৌধুরী, কবি ও গল্পকার সোহেল ইকবাল, কবি জোছনা ইকবাল, বিএনপি নেতা দলিলুর রহমান শাহীন, কবি মোস্তাক মোছা, কবি জি.এম. সামদানী, জাসাস নেতা জুলফিকার আলী ভুট্টো, সাহিত্য বিশ্লেষক ওমর ফারুক, কলতান সাহিত্য পরিষদ টেকনাফের সাধারণ সম্পাদক এম. এরশাদুর রহমান, উন্নয়ন কর্মী মাহাবুব কাউসারসহ স্থানীয় কবি-সাহিত্যিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইবনে আব্বাস একাডেমি উখিয়ার প্রধান শিক্ষক আকতার হোসেন সিকদার। স্বাগত বক্তব্য দেন উখিয়া সাহিত্য কুটিরের প্রতিষ্ঠাতা মাস্টার শাহআলম।
প্রধান অতিথি সরওয়ার জাহান চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “মাস্টার শাহআলম একজন প্রতিভাবান ও গুণী লেখক। তাঁর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তাঁর সৃষ্টিশীল কাজে অতীতের মতো ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, উখিয়া পাবলিক লাইব্রেরি শিগগিরই পাঠকদের জন্য উন্মুক্ত করা হবে।
পরে প্রধান অতিথি ও উদ্বোধক যৌথভাবে “ইসলামী আখ্যান” গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। এসময় উপস্থিত অতিথিদের মাঝে বইটি বিতরণ করা হয়। লেখককে উৎসাহিত করতে প্রধান অতিথি ব্যক্তিগত উদ্যোগে ২০ কপি বই ক্রয় করেন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন শিল্পী এস.এম. জসিম ও কবি-সাংবাদিক সিরাজুল কবির বুলবুল।
মতামত