সীমান্তে র্যাবের সাফল্য: ৫০ হাজার ইয়াবাসহ আটক ১, মূল হোতা পলাতক
কক্সবাজারের টেকনাফে র্যাবের এক সফল অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় অভিযানের মূল হোতা কৌশলে পালিয়ে যায়।
র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্প সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সকাল ১০টা ৪০ মিনিটে টেকনাফ মডেল থানাধীন সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাজারছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আসামী ফরিদুল আলম (৪০), পিতা মোঃ ইলিয়াস, মাতা নুরুন্নাহার বেগম, সাং রাজারছড়া, টেকনাফ সদর ইউনিয়ন। একই এলাকার বাসিন্দা মোঃ হোসাইন (৪৫) অভিযানকালে পালিয়ে যায় বলে জানিয়েছে র্যাব।
অভিযানকালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ফরিদুল আলমকে হাতে-নাতে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামীর শয়নকক্ষে খাটের নিচ থেকে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো ২৫০টি জিপারযুক্ত পলিপ্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে সর্বমোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ছিল।
এছাড়া ঘটনাস্থল থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন (মডেল: Redmi A3) জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত