টেকনাফে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগে আতঙ্ক: বড় দুর্ঘটনার শঙ্কা
শামসুল আলম সায়েক টেকনাফ কক্সবাজার।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা বাসস্টেশন এলাকায় অবস্থিত কয়েকটি মার্কেটে ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুতের তার টানানো হয়েছে, যা যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা।
সরেজমিনে দেখা যায়, আবুবকর মুন্সি মার্কেট ও নিউ মার্কেট এলাকায় এলোমেলোভাবে ঝুলে থাকা বৈদ্যুতিক তার, খোলা সংযোগ এবং নিম্নমানের ক্যাবল ব্যবহার করা হয়েছে। অনেক স্থানে তারগুলো নিচু হয়ে ঝুলে থাকায় সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে এবং এতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি বাড়ছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে এই ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজ করলেও এখনো পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানির সংস্পর্শে এ ধরনের খোলা তার বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
এ বিষয়ে সচেতন মহল দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য মার্কেট মালিক ও বিদ্যুৎ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা জানান, অল্প সময়ের অবহেলা বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, দ্রুত ঝুঁকিপূর্ণ তারগুলো অপসারণ ও নিরাপদ সংযোগ নিশ্চিত করা হোক, নতুবা যে কোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।
মতামত