ব্রাহ্মণবাড়িয়ায় ‘দেশি মাছ’ বিক্রির নামে প্রতারণার অভিযোগ, পর্যটক ও ক্রেতাদের হয়রানি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কাউতলী মোড় ও শাপলা চত্বর এলাকায় ‘দেশি মাছ’ বিক্রির নামে প্রতারণার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, এসব স্থানে বিক্রি হওয়া অনেক মাছই কৃত্রিমভাবে রং মাখিয়ে দেশি মাছ হিসেবে ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, সাধারণ মানুষ ও দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের লক্ষ্য করে এই প্রতারণা চালানো হচ্ছে। ক্রেতারা মাছের মান নিয়ে প্রশ্ন তুললে বা প্রতিবাদ করলে কিছু অসাধু বিক্রেতা তাদের সঙ্গে অশালীন আচরণ, হেনস্তা এমনকি ভয়ভীতি প্রদর্শন করছে বলেও জানা গেছে।
কয়েকজন ভুক্তভোগী জানান, বাহ্যিকভাবে দেশি মাছের মতো দেখালেও বাস্তবে তা নিম্নমানের বা ভিন্ন প্রজাতির মাছ, যা রং ব্যবহার করে আকর্ষণীয় করে তোলা হয়। এতে সাধারণ ক্রেতারা প্রতারিত হচ্ছেন এবং আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে এই এলাকা প্রতারণার নিরাপদ কেন্দ্রে পরিণত হতে পারে, যা জেলার সুনাম ক্ষুণ্ন করবে।
এদিকে, ভুক্তভোগীদের প্রতি আহ্বান জানানো হয়েছে—প্রতারণার শিকার হলে প্রমাণ হিসেবে ছবি বা ভিডিও সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য, যাতে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়

মতামত