লামার সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ
মোঃ শফিকুল ইসলাম তুহিন
বান্দরবান জেলা প্রতিনিধি
আজ ২৬ মার্চ বৃহত্তর লামা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও জননন্দিত নেতা আব্দুল মালেক চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী। ২০০৭ সালের এই দিনে তিনি চট্টগ্রামের হোলি ক্রিসেন্ট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬২ বছর।
১৯৪৪ সালে কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন প্রখ্যাত আলেম মরহুম মৌলভী আবুল ফজল এবং মাতা মরহুমা রওশন আরা চৌধুরী।
শিক্ষাজীবনে তিনি চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে পাকিস্তানের করাচি থেকে প্রথম শ্রেণিতে প্রকৌশল ও স্নাতক ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনের শুরুতে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান শিপিং কর্পোরেশনে স্বল্প সময় চাকরি করেন। স্বাধীনতা-পরবর্তী সময়ে এক সেনা কর্মকর্তা বন্ধুর অনুরোধে তিনি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স বিভাগের সরবরাহকারী ও ঠিকাদার হিসেবে লামায় আসেন। অল্প সময়েই তিনি তৎকালীন পার্বত্য রাঙামাটি জেলার স্বনামধন্য প্রথম শ্রেণির ঠিকাদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। পাশাপাশি বহুমুখী ব্যবসায়ী হিসেবেও ব্যাপক সুনাম অর্জন করেন। তিনিই সর্বপ্রথম লামায় ইটভাটা (ব্রিক ফিল্ড) ব্যবসার সূচনা করেন।
তার ঠিকাদারির উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে লামা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন, লামা টাউন হল, বর্তমান লামা আদালত ভবন, পুরাতন উপজেলা পরিষদ ভবন, লামা আনসার ক্যাম্প এবং আলীকদম সেনানিবাসের বিভিন্ন স্থাপনা। এছাড়াও পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকায় তিনি বহু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেন।
জনসেবায় নিবেদিত এই নেতা লামা ও আশপাশের দরিদ্র, অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুতই তাদের আস্থার প্রতীক হয়ে ওঠেন। আশির দশকের শুরুতে বিচারক সংকট মোকাবিলায় তৎকালীন প্রশাসনের সুপারিশে তাঁকে অনারারি ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি প্রায় দুই বছরেরও বেশি সময় দক্ষতার সঙ্গে এ দায়িত্ব পালন করেন।
এরশাদ সরকারের আমলে উপজেলা ব্যবস্থা চালু হলে তিনি লামা উপজেলার প্রথম নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। তবে নির্বাচন স্থগিত হয়। পরবর্তীতে পিতার অনিচ্ছায় আর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হননি। পরবর্তীতে তিনি লামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ধারাবাহিকভাবে তিন মেয়াদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। ন্যায়পরায়ণতা, উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কাজে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে লামা উপজেলায় সর্বোচ্চ ভোট লাভ করেন। রাজনৈতিক জীবনে তিনি ছিলেন সহনশীল, উদার এবং দল-মতের ঊর্ধ্বে একজন সর্বজনীন নেতা।
মুক্তিযুদ্ধের সময় তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেও কখনোই মুক্তিযোদ্ধা সনদ গ্রহণের প্রতিযোগিতায় অংশ নেননি। শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক হিসেবে তাঁর অবদান উল্লেখযোগ্য। সরকারি মাতামুহুরি কলেজ, লামা আদর্শ বালিকা বিদ্যালয়, লামা প্রেস ক্লাব প্রতিষ্ঠা এবং লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পর তিনি ব্যক্তিগত ব্যবসা-বাণিজ্যে উদাসীন হয়ে পড়েন এবং অর্জিত সম্পদের অধিকাংশই জনসেবায় ব্যয় করেন। জীবনের শেষ সময়ে আর্থিক সংকটের মধ্যেও তিনি তাঁর ব্যক্তিত্ব ও আদর্শ থেকে বিচ্যুত হননি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।

মতামত