দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পতন: বিএনপি মহাসচিবের শোক
নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৫ মার্চ ২০২৬) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, অর্ধশত যাত্রী বহনকারী বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ সময় ৫ থেকে ৭ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিদের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। ইতোমধ্যে কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দৌলতদিয়া ঘাটের এ মর্মান্তিক দুর্ঘটনায় দেশব্যাপী উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে এবং এতে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও অমনোযোগিতার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটেই চলেছে। যথাযথ সতর্কতা অবলম্বন করলে এ ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব ছিল বলেও তিনি উল্লেখ করেন।
তিনি দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার কার্যক্রম জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে দায়ীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বিবৃতিতে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মতামত