গাইবান্ধার ফুলছড়িতে সংঘবদ্ধ হামলা, আহত ১৩ জন আশঙ্কাজনক বৃদ্ধ
মোঃ রেজাদুল ইসলাম রেজা
স্টাফ রিপোর্টার গাইবান্ধা
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ সশস্ত্র হামলায় নারীসহ অন্তত ১০ থেকে ১৩ জন আহত হয়েছেন। গুরুতর আহত এক বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
গত ১৯ মার্চ বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরাঞ্চল খোলাবাড়ী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, প্রায় ৭০–৮০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে মো. ফরহাদ হোসেনের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় ঘরের টিনের বেড়া, দরজা-জানালা ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
এসময় নিরপেক্ষতা বজায় রেখে হামলার সময় বাধা দিতে গেলে ফরহাদের বাবা জামাল বাদশাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে গুরুতর আহত করা হয়। এছাড়া পরিবারের অন্যান্য সদস্যদের ওপরও হামলা চালানো হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা বাড়িতে ঢুকে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার,দামী আসবাবপত্র নগদ ২৫ লক্ষ টাকাসহ বিপুল মালামাল ও গোয়ালে থাকা ৩টি গরু লুট করে নিয়ে যায় অভিযোগ উঠেছে।
আহতদের উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মারাত্মক ভাবে আহত জামাল বাদশা মৃত্যুর সঙ্গে লড়ছেন বলে জানা গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী ফরহাদ হোসেন বাদী হয়ে ফুলছড়ি থানায় ৫১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫–৩০ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে, অভিযোগের পরও প্রধান অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আসামিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মতামত