হিম ঘরের সামনে স্বজনের লাশের জন্য অপেক্ষা, পরিচয় মিলল ১২ জনের
নিজস্ব প্রতিবেদক
কেউ হারিয়েছেন পুরো পরিবার। কেউ হারিয়েছেন বাবা-মাকে, নবববধু হারিয়েছেন স্বামী। নিমিষেই ঈদের আনন্দ যেন এক শোকাবহে হয়ে পরিণত হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরের সামনে স্বজনদের কান্নার আওয়াজ ভারী করে তুলছে চারপাশ। কেউ আবার হিমঘরে সামনে কাগজপত্র নিয়ে স্বজনের লাশ বুঝে নেওয়ার অপেক্ষায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজারে রেলপথের লেবেল ক্রসিং এ ট্রেন ও বাসের সংঘর্ষে নিহত ১২ জনের লাশ রাখা হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘর সূত্রে জানা গেছে - নিহতরা হলেন , যশোর জেলার পিন্টু ইসলামের স্ত্রী লাইজু আক্তার (২৬), দুই মেয়ে খাদিজা (৬) ও মরিয়ম (৩), চাঁদপুর জেলার চাপাতলি এলাকার মমিনুল হকের পুত্র তাজুল ইসলাম (৬৭), ঝিনাইদাহ জেলার মোক্তার বিশ্বাসের ছেলে জুহাদ বিশ্বাস (২৪), যশোর জেলার চৌগাছারস স্বামী সিরাজুল ইসলাম (৭০) ও কোহিনূর বেগম (৫৫), নোয়াখালী সোনাইমুড়ি বাবুল চৌধুরী (৫৫), মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকার ওহাব শেখের ছেলে ফচিয়ার রহমান (২৬), চুয়াডাঙ্গার জীবন নগরের বিল্লাল হোসেনের ছেলে সোহেল রানা(২৫), নোয়াখালী জেলার ফাজিলপুরের মোঃ সেলিমের পুত্র নজরুল ইসলাম রায়হান (৪৫), লক্ষ্মীপুর জেলার সদরের সিরাজুল ইসলামের কন্যা সাঈদা (৯)।
যশোর জেলার গাড়ি চালক পিন্টু ইসলাম জানান, স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে যশোর থেকে রওনা হয়ে শ্বশুরবাড়ি নোয়াখালীতে যাচ্ছিলেন তারা। মাঝপথে ঢাকায় নেমে পড়েন পিন্টু। দুই মেয়ের সাথে শেষ কথা হয়েছিল রাত বারোটায়। এরপরই তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পেলেন পুলিশের ফোন। এসে দেখেন পুরো পরিবার শেষ। পিন্টু কান্না জড়িত কন্ঠে বলেন, 'আমি কি নিয়ে বাঁচবো আমি জানিনা। ঈদের খুশিতে তারা তো নানা বাড়ি যাচ্ছিল, তাদের আর কোনদিন দেখা হবে না - তা আমি মানতে পারছি না।
রুমি আক্তার হারিয়েছেন স্বামী জুহাদ বিশ্বাসকে। দেড় বছরের কন্যা মরিয়ম কে কোলে নিয়ে কান্না জড়িত কন্ঠে রুমি আক্তার বলেন, ঈদের আগে মেয়েকে দেখতে আসতে পারেনি, ঝিনাইদহ থেকে নোয়াখালী যাচ্ছিলো ঈদের দিন রাতে মেয়েকে দেখতে। সে আর তার মেয়ের মুখ দেখলো না। আমার আর মেয়ের কেউ রইল না।
খালা সাহিদা সুলতানা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কুমিল্লা মেডিকেলের হিম ঘরের সামনে দাঁড়িয়ে আছে বোনের মেয়ে সাঈয়্যেদার লাশ বাড়ি নিয়ে যেতে। তার বোন আর বোনের স্বামী এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছে। কান্না জড়িত কন্ঠে সাহিদা সুলতানা বলেন, সায়্যিদা মারা গেছে। তার বাবা-মাও বাঁচবে কিনা জানিনা।
কুমিল্লা জেলা প্রশাসক মোঃ রেজা হাসান জানান, দুর্ঘটনায় যারা আহত ও নিহত হয়েছে তাদেরকে দেখভাল করার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে সহযোগিতা করা হচ্ছে লাশ গুলো বাড়ি নিয়ে যাবার জন্য।
এদিকে এই দুর্ঘটনার কারণ জানতে রেলওয়ে কর্তৃপক্ষ দুইটি এবং কুমিল্লা জেলা প্রশাসন একটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাদ্য ও কৃষিমন্ত্রী আমিনুর রশিদ এবং রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবীব।
রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, যে দুইজন গেটম্যানের অবহেলায় এই দুর্ঘটনা ঘটেছে তাদেরকে বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে শাস্তুিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া কুমিল্লার রেল স্টেশন মাস্টারের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহতদের পরিবারকে এক লক্ষ টাকা করে সহযোগিতা দেয়া হবে।
মতামত