সৌদি আরবে চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার ঈদ, বাংলাদেশে সম্ভাব্য শনিবার
আন্তর্জাতিক ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা কার্যক্রম শেষে বুধবার (১৮ মার্চ) এ তথ্য জানায় দেশটির কর্তৃপক্ষ।
গালফ নিউজ এক প্রতিবেদনে জানায়, মধ্যপ্রাচ্যের আকাশে শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে আরও একটি রোজা পূর্ণ করা হবে। ফলে দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শুক্রবার (২০ মার্চ)।
সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশ-এ ঈদ উদযাপিত হয়। সেই হিসেবে দেশে আগামী শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর পালিত হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
এর আগে ঈদের তারিখ ঘোষণা করেছে তুরস্ক। দেশটির সরকার জানিয়েছে, শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপিত হবে। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী বৃহস্পতিবার (১৯ মার্চ) চাঁদ দেখার সম্ভাবনার ভিত্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
অন্যদিকে, সিঙ্গাপুর জানিয়েছে, সেখানে বৃহস্পতিবার চাঁদ দেখার সম্ভাবনা না থাকায় শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপন করা হবে। দেশটি সাধারণত চাঁদ দেখা নয়, বরং জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে হিজরি মাস নির্ধারণ করে থাকে।
এদিকে সংযুক্ত আরব আমিরাত-এ আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী শাওয়ালের চাঁদের ছবি ধারণ করা হয়েছে। আবুধাবির খতম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে বুধবার স্থানীয় সময় দুপুর ১টায় এই ছবি তোলা হয়।
জ্যোতির্বিজ্ঞানীরা জানান, ছবি ধারণের সময় সূর্য থেকে চাঁদের দূরত্ব ছিল ৯.২ ডিগ্রি এবং চাঁদের বয়স ছিল মাইনাস ১৫ ঘণ্টা ২৩ মিনিট, যা বৈজ্ঞানিক পর্যবেক্ষণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য।
এর আগে অস্ট্রেলিয়া-ও পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে।
মতামত