টেকনাফে জমে উঠেছে ঈদের বাজার
সৈয়দ আলম, টেকনাফ | কক্সবাজার স্টাফ রিপোর্টার ছৈয়দ আলম।
দোকানে কেনাকাটা করছেন ক্রেতারা। ছবি: স্বাধীন সংবাদ
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ পৌরসভা ও আশপাশের বাজারগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ব্যস্ত সময় পার করছেন ক্রেতা ও বিক্রেতারা। বাহারি ডিজাইনের পোশাকে সজ্জিত হয়েছে টেকনাফের বিপণি বিতানগুলো। ১৭ রমজানের পর থেকে দোকানগুলোতে ক্রেতাদের ভিড় ক্রমেই বাড়ছে। বিশেষ করে নারী ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো।
গতকাল শনিবার টেকনাফ পৌরসভা, হ্নীলা বাজার, বাহারছড়া, সাবরাং ও নয়াপাড়ার বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়—সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাবেচা। ক্রেতাদের ভিড়ে অনেক মার্কেটে হাঁটাচলা করাও কঠিন হয়ে পড়েছে। ঈদ যত ঘনিয়ে আসছে, মার্কেটগুলোতে নারী ক্রেতাদের ভিড় ততই বাড়ছে। ব্যবসায়ীদের মতে, এবারের ঈদের বাজারে ক্রেতাদের মধ্যে প্রায় ৮০ শতাংশই নারী।
ক্রেতারা জানান, অন্যান্য বছরের তুলনায় এবার কাপড়ের মান ভালো হলেও অধিকাংশ পণ্যের দাম কিছুটা বেশি। তবে পছন্দের পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী কিনতে বাজারে ভিড় করছেন সবাই।
দোকানিরা জানান, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখেই দোকানে পণ্যসামগ্রী তোলা হয়েছে। কোনো পণ্যে অতিরিক্ত দাম রাখা হচ্ছে না, তবে উন্নত মানের পণ্যের দাম কিছুটা বেশি। আগে ভালো মানের কাপড় ও পণ্যসামগ্রী কিনতে কক্সবাজার বা চট্টগ্রামে যেতে হতো। বর্তমানে সেই মানের পণ্য টেকনাফের বিভিন্ন বিপণিকেন্দ্রেই পাওয়া যাচ্ছে।
ব্যবসায়ীরা আরও জানান, নারী ক্রেতারা এখন অনেক বেশি ফ্যাশন সচেতন। স্যাটেলাইট চ্যানেল, অনলাইন টিভি ও বিভিন্ন সিরিয়ালের নায়িকাদের পোশাকের ধাঁচ অনুসরণ করে কাপড় খুঁজছেন অনেকে। এর মধ্যে কাভি কাভি, সানিলিওনি, অমৃতা, কুমুদ, জিবিকা, ঝিলিক, পাংকুরি, গোপি, অপ্সরা, বাহা ও মধুবালা ডিজাইনের পোশাক বেশি চাহিদায় রয়েছে।
টেকনাফ পৌরসভা উপর বাজার বার্মিজ মার্কেট ব্যবসায়ী সমিতির আলহাজ্ব মোহাম্মদ শাহাদাত হোসেন ও সম্মানিত সদস্য রশিদ এস্টোল জানান, ঈদকে কেন্দ্র করে বাজারে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে এবং ব্যবসায়ীরাও সন্তুষ্ট।
এদিকে উপর বাজারের ব্যবসায়ী ও মুসতাকিম কসমেটিকসের স্বত্বাধিকারী বলেন, “এবার ঈদে ক্রেতাদের আকৃষ্ট করতে বিদেশি বিভিন্ন কোম্পানির উন্নতমানের শাহী পাঞ্জাবি, শার্ট, জিন্স প্যান্ট, চায়না প্যান্ট, স্যান্ডেল, জুতা ও বেল্ট রাখা হয়েছে। পাশাপাশি আধুনিক মানের কসমেটিকসও এখন টেকনাফ পৌরসভার উপর বাজারেই সহজলভ্য।”
ঈদ যতই ঘনিয়ে আসছে, টেকনাফের বাজারগুলোতে ততই বাড়ছে ক্রেতাদের ভিড়, যা ব্যবসায়ীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

মতামত