ঈদ উপলক্ষে ফতেপুর ইউনিয়নে ১,৭৪৭ অসহায় পরিবারের মাঝে সরকারি চাল বিতরণ
মোঃ রাসেল আহমেদ
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নেত্রকোনার মদন উপজেলার ৮নং ফতেপুর ইউনিয়নে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) ফতেপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে পরিচালিত এ কর্মসূচির আওতায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ১,৭৪৭টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৮নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি রহিছ উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাদল, প্রশাসনিক কর্মকর্তা রাজিব কুমার, ফতেপুর ইউনিয়নের বিট পুলিশ কর্মকর্তা কামাল উদ্দিন, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ (মেম্বার), গ্রাম পুলিশ সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। ঈদের আনন্দ যাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ ভাগাভাগি করে নিতে পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
চাল পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করে জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সরকারের দেওয়া এই সহায়তা তাদের জন্য অনেকটা স্বস্তি বয়ে এনেছে। ঈদের আগে এমন সহায়তা পেয়ে তারা আনন্দিত।
স্থানীয় সচেতন মহল মনে করেন, সরকারের এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
মতামত