কেন্দুয়ায় দুই সাংবাদিকের ওপর হামলা: ১২০ ঘণ্টা পরও মোবাইল-প্রেস আইডি উদ্ধার নেই, প্রশ্নের মুখে প্রশাসন
নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনার পাঁচ দিন (১২০ ঘণ্টা) পার হলেও এখনো ছিনতাইকৃত মোবাইল ফোন, সাংবাদিক পরিচয়পত্র (প্রেস আইডি কার্ড) ও নগদ অর্থ উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাটির দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, দায়িত্ব পালনকালে সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে এবং ব্যবহৃত মোবাইল ফোন, জাতীয় দৈনিক “আমার প্রাণের বাংলাদেশ” পত্রিকার প্রেস আইডি কার্ডসহ নগদ অর্থ ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার পর কেন্দুয়া থানায় বিষয়টি অবহিত করা হলেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও উদ্ধার অভিযান বা তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয়নি বলে জানা গেছে।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, নেত্রকোনা জেলার পুলিশ সুপার এবং কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়া নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মাননীয় সংসদ সদস্যের সঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার সকাল ১০টা ১৮ মিনিটে মুঠোফোনে কথা হলে তিনি বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন বলে আশ্বাস দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, থানায় অভিযোগ করার পরও অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতায় ভোগেন। অভিযুক্তরা প্রকাশ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে তোয়াক্কা না করার বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ রয়েছে, যা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি দখল এবং নদী থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ মাছ আহরণ করে আসছে। সাংবাদিকরা এসব অনিয়ম নিয়ে তথ্য সংগ্রহ করছিলেন বলেই হামলার ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।
সাংবাদিকদের ওপর হামলা ও প্রেস পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। সাংবাদিকদের পেশাগত কার্যক্রম বাধাগ্রস্ত হলে অনিয়ম ও অপরাধ কর্মকাণ্ড আরও বিস্তারের আশঙ্কা তৈরি হয় বলে মত প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা।
মানবাধিকার সংশ্লিষ্ট কয়েকটি সংস্থার প্রতিনিধিরা জানান, এ ধরনের ঘটনা দ্রুত তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে আইনের শাসন নিয়ে জনআস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।
সংশ্লিষ্টদের দাবি—
১. ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করা।
২. হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা।
৩. ছিনতাইকৃত মোবাইল, প্রেস আইডি কার্ড ও নগদ অর্থ উদ্ধার করা।
৪. সাংবাদিকসহ সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।
কেন্দুয়ার সচেতন মহল মনে করছে, প্রশাসনের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপই পারে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে। এ ঘটনায় পরবর্তীতে বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানা গেছে।
মতামত