দিনাজপুরে চাচাতো ভাইকে হত্যা: সম্পত্তির লোভে পরিকল্পিত খুন, অভিযুক্ত গ্রেপ্তার
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সম্পত্তির লোভে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার (রাত) উপজেলার কুচদহ ইউনিয়নের আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশু সিরাজুল আল সামস্ (৭) স্থানীয় বাসিন্দা মমিনুল ইসলামের ছেলে এবং আফতাবগঞ্জ চাইল্ড কেয়ার স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত আমানুর ইসলাম (২২) একই এলাকার মজিদুল ইসলামের ছেলে এবং সম্পর্কে নিহতের আপন চাচাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া ৮টার দিকে তারাবির নামাজের সময় পাঞ্জাবি সেলাইয়ের কথা বলে আমানুর ইসলাম চাচার বাড়িতে প্রবেশ করেন। পরে নামাজে নিয়ে যাওয়ার কথা বলে শিশুটিকে তার মায়ের কাছ থেকে নিয়ে যান। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে শিশুটির গলাকাটা ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভিযুক্তের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বাড়ির সামনের অংশের একটি সম্পত্তি সম্প্রতি স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে নিহতের বাবা ক্রয় করেন। এ নিয়ে ক্ষোভ থেকে পূর্বপরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটানো হয়। পরিকল্পনা অনুযায়ী শিশুটিকে প্রথমে একটি মাদরাসা কক্ষে নিয়ে শ্বাসরোধ করা হয় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে মরদেহ ভুট্টাক্ষেতে ফেলে রেখে বাড়িতে ফিরে যান অভিযুক্ত।
ঘটনার পরপরই পুলিশ আমানুর ইসলাম, তার বাবা মজিদুল ইসলাম এবং এক মাদরাসা শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদে আমানুর ইসলাম হত্যার দায় স্বীকার করেন বলে জানায় পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়েছে।
নবাবগঞ্জ উপজেলা এলাকার এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, “ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় আমানুর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য দুইজনের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে
মতামত