পৃথক পাঁচ মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে পৃথক পাঁচ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, পাঁচ মামলার মধ্যে চারটিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাগুলো হলো—ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। এছাড়া হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সদর মডেল থানায় দায়ের করা অপর একটি মামলাতেও তাকে জামিন দেওয়া হয়।
আসামিপক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
এর আগে গত বছরের ৯ মে ভোর রাত আনুমানিক ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত ‘চুনকা কুটির’ নামের বাসভবন থেকে আইনশৃঙ্খলা বাহিনী আইভীকে গ্রেপ্তার করে। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। হাইকোর্ট থেকে পাঁচ মামলায় জামিন পেলেও পরে আপিল বিভাগে সেই জামিন স্থগিত করা হয়।
পরবর্তীতে ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, পরবর্তী আইনি প্রক্রিয়া অনুযায়ী মামলাগুলোর শুনানি চলবে।
মতামত